শেষ ৪৮ ঘণ্টার প্রচারাভিযান শুরু

যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা বৃহস্পতিবারের সাধারণ নির্বাচন সামনে রেখে শেষ ৪৮ ঘণ্টার প্রচারাভিযান শুরু করেন গতকাল মঙ্গলবার। বড় দুই দল কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড এদিন বলেছেন, কঠিন সিদ্ধান্তটা ভোটাররাই নেবেন। খবর এএফপির।
এবারের নির্বাচনে কনজারভেটিভ ও লেবার পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। এ ক্ষেত্রে জোট সরকার গঠনের জন্য স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো ছোট দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
সরকার গঠনে ‘অনিশ্চয়তা’ এড়ানোর জন্য কনজারভেটিভ পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ক্যামেরন। যাঁরা ছোট দলগুলোকে ভোট দিতে চান, তাঁদের উদ্দেশে ক্যামেরন বলেন, নির্বাচনের পরের সপ্তাহে ‘গোপন সমঝোতা, ঘুষ লেনদেন ও বিশৃঙ্খলার’ পরিবর্তে দীর্ঘ পাঁচ বছরের জন্য স্থিতিশীলতা নিশ্চিত করা বেশি জরুরি।
লেবার নেতা মিলিব্যান্ড এবারের নির্বাচনকে ‘দুটি দৃষ্টিভঙ্গির লড়াই’ আখ্যা দিয়েছেন। নির্বাচনী প্রচারণা কার্যক্রমে তিনি গুরুত্ব দিচ্ছেন রাষ্ট্রীয় অর্থায়নে জাতীয় স্বাস্থ্যসেবা কর্মসূচির (এনএইচএস) পরিকল্পনার ওপর।