শেষ ৫৪ মিনিটে যে কথাবার্তা হয়
মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজটির ককপিট-যোগাযোগের সর্বশেষ ৫৪ মিনিটের তথ্য পেয়েছে যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকা। উড়োজাহাজের সহকারী পাইলট এবং নিয়ন্ত্রণ টাওয়ার ও অন্যান্য ট্রাফিক নিয়ন্ত্রকদের মধ্যে কথাবার্তার ওই প্রতিলিপি ‘পুরোপুরি গতানুগতিক’ বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন।
বিস্তারিত কথাবার্তা শুরু হয়েছিল রাত ১২টা ৩৬ মিনিটে। আর সর্বশেষ বার্তাটি ছিল ‘অল রাইট, গুড নাইট’। এটি রাত একটা ১৯ মিনিটে পাঠানো হয়। তবে ওই কথাবার্তার দুটি বিষয়ে কিছুটা অসামঞ্জস্য রয়েছে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন। প্রথমটি ছিল ককপিট থেকে রাত একটা সাত মিনিটে পাঠানো একটি বার্তা। উড়োজাহাজ তখন ৩৫ হাজার ফুট উঁচুতে ছিল। বার্তাটি ছিল অপ্রয়োজনীয়। কারণ, ছয় মিনিট আগে হুবহু একই বার্তা একবার পাঠানো হয়। কিন্তু দ্বিতীয় দফায় বার্তাটি এসেছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। কারণ, নিখোঁজ হওয়ার আগে উড়োজাহাজের সাংকেতিক যন্ত্র থেকে সর্বশেষ বার্তা পাঠানো হয় রাত একটা সাত মিনিটে। পরবর্তী ৩০ মিনিটের মধ্যে কোনো এক মুহূর্তে এটির সাংকেতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অসামঞ্জস্যপূর্ণ বার্তার কারণেই অনেকে মনে করছেন, এমএইচ৩৭০ ফ্লাইটটি নিখোঁজ হওয়া নিছক দুর্ঘটনা নয়। আর সেটি হলো, উড়োজাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং পরে দ্রুত পশ্চিমমুখী বাঁক নেওয়া।
ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক পাইলট স্টিফেন বাজডিগ্যান বলেন, উড়োজাহাজের ট্রাফিক নিয়ন্ত্রকদের মধ্যে যোগাযোগে হয়তো কোনো শূন্যস্থান ছিল। আর সেটিই হয়তো ছিল একমাত্র মুহূর্ত, যখন উড়োজাহাজটি আর ভূপৃষ্ঠ থেকে দেখার উপায় ছিল না।
শেষ ৫৪ মিনিটের কথাবার্তার প্রতিলিপি উদ্ধারের পর বিমান নিখোঁজ-রহস্য নিয়ে জল্পনা-কল্পনা ও রহস্যের জট আরও দানা বেঁধেছে। নেপথ্যে পাইলটরা জড়িত থাকলে তাঁরা নিজেদের আসল উদ্দেশ্য গোপন করতে খুবই সতর্ক ছিলেন। টেলিগ্রাফ।