শেষদিকে হতাশ হয়ে পড়েন ওসামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের শেষ দিনগুলোতে হতাশ হয়ে পড়েছিলেন আল-কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেন। সংগঠনের বিভিন্ন শাখার কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তিনি হিমশিম খাচ্ছিলেন। ওসামা-হত্যার বর্ষপূর্তি উপলক্ষে মার্কিন সেনাবাহিনী প্রকাশিত বিভিন্ন গোপন দলিলে এসব তথ্য রয়েছে।পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামার সর্বশেষ গোপন আস্তানা থেকে উদ্ধার করা ছয় হাজার দলিলের মধ্যে ১৭টি সম্প্রতি ইন্টারনেটে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমির গবেষণা শাখা। দলিলের তথ্য অনুযায়ী, আল-কায়েদা নেটওয়ার্কের বিভিন্ন উচ্ছৃঙ্খল তৎপরতায় অসন্তুষ্ট ও হতাশ ছিলেন ওসামা। তিনি মুসলিমদের ওপর হামলার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে আক্রমণের লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে চেয়েছিলেন।প্রকাশিত দলিলে রয়েছে আল-কায়েদার বিভিন্ন নেতার লেখা চিঠি এবং ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত সময়ের বিভিন্ন তথ্য। ইরানের সঙ্গে আল-কায়েদার সম্পর্কে একপর্যায়ে আন্তরিকতার ঘাটতি দেখা দিয়েছিল বলে কয়েকটি দলিলে ইঙ্গিত পাওয়া যায়।ওসামা দীর্ঘ নয় বছরব্যাপী পাকিস্তানে অবস্থানকালে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুস্পষ্ট কোনো সমর্থন পেয়েছিলেন কি না সে ব্যাপারে কোনো তথ্য নেই। তবে পাকিস্তানিদের ‘বিশ্বস্ত ভাই’ বলে মনে করতেন ওসামা। জিহাদের আদর্শ অনুসরণ করায় মুসলিমদের প্রতি বৈরী মনোভাব তৈরি হচ্ছে বলে ২০১০ সালের একটি চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন আল-কায়েদার প্রয়াত নেতা। একটি চিঠিতে বলা হয়, ‘ব্রিটিশদের ওপর হামলার সুযোগ থাকলেও আমাদের উচিত আমেরিকাকে পরাস্ত করার ব্যাপারে মনোযোগী হওয়া। এতে অন্যদের পরাজিত করার সুযোগ তৈরি হবে।’দলিলের তথ্য অনুযায়ী, আল-কায়েদার ইরান শাখার ব্যাপারে ওসামাকে সতর্ক করে দিয়েছিলেন তাঁর মার্কিন সহযোগী অ্যাডাম গাদান। নির্বিচারে মুসলিমদের ওপর হামলাসহ কয়েকটি ‘মারাত্মক ভুলের’ জন্য পাকিস্তানি তালেবানের নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে আপত্তি জানিয়েছিলেন ওসামার সহযোগীরা।ইয়েমেনি সরকার বা নিরাপত্তাবাহিনীর পরিবর্তে যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালানোর ওপর গুরুত্ব দিতে আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার প্রতি আহ্বান জানান ওসামা। তাঁর দৃষ্টিতে সোমালিয়ার বিদ্রোহী সংগঠন আল-শাবাব ছিল দুর্বল একটি সংগঠন।বিভিন্ন দেশে গড়ে ওঠা জিহাদিদের ব্যাপারেও সন্দিহান ছিলেন ওসামা। তিনি বলতেন, ‘আত্মঘাতী অভিযানে কাউকে একা পাঠানো যাবে না। অন্তত দুজনকে একসঙ্গে পাঠাতে হবে। কেউ একা অভিযান করলে সাফল্যের সম্ভাবনা কমে যায়। কারণ, এ রকম পরিস্থিতিতে মনস্তাত্ত্বিক বিভিন্ন প্রভাবক কাজ করে।’ বিবিসি।