শেষযাত্রায়ও সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত সঙ্গীর শেষযাত্রায় ময়ূরটি। ছবি: সংগৃহীত

দুটো ময়ূর, তারা একসঙ্গে ছিল চার বছর। হঠাৎ পুরুষ ময়ূরটি মারা যায়। সঙ্গী হারিয়ে মুষড়ে পড়ে মেয়ে ময়ূরটি। তবে সঙ্গীকে ছেড়ে যায়নি সেটি। মৃত ময়ূরের শেষযাত্রায় শামিল হয়। শেষ পর্যন্ত সঙ্গীর পাশে ছিল সেটি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বুধবার এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ঘটনাটি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কুচেরা শহরের। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, ময়ূর দুটি টানা চার বছর একসঙ্গে ছিল। সম্প্রতি সঙ্গীহারা হয় মেয়ে ময়ূরটি। তবে মৃত সঙ্গীকে ভুলে যায়নি সেটি।

ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি মৃত ছেলে ময়ূরটিকে সঙ্গীর কাছ থেকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এ সময় সঙ্গী মেয়ে ময়ূরটি মৃত ময়ূরটির পেছন পেছন যাচ্ছিল।

ভারতের বন বিভাগের কর্মকর্তা প্রাভিন কাসওয়ান গত মঙ্গলবার ভিডিওটি টুইটারে আপলোড করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘ময়ূরটি দীর্ঘ সময়ের সঙ্গীর মৃত্যুর পরও সেটিকে ছেড়ে যেতে চায়নি।’ সংবাদমাধ্যমকে সরকারি এই কর্মকর্তা জানান, হোয়াটসঅ্যাপে রাজস্থানের একজনের কাছ থেকে তিনি ভিডিওটি পেয়েছেন। এটি তাঁর হৃদয় ছুঁয়ে যায়। তাই তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন।

সামাজিক মাধ্যমে ১২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। প্রাভিনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের হৃদয় ছুঁয়ে গেছে ভিডিওটি। একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সঙ্গীর প্রতি পশুপাখির ভালোবাসা ও আকর্ষণ মানুষের চেয়েও বেশি।’ অপর একজন মন্তব্য করেছেন, ময়ূরটির কষ্ট শুধু একজন পাখি কিংবা প্রাণিপ্রেমী উপলব্ধি করতে পারবেন।

ভিডিওটিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে অপর একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রাণী বলুন আর মানুষ, যার সঙ্গে সারা জীবন কাটিয়েছেন, এমন সঙ্গীকে হারানোর কষ্ট কোনোভাবেই ভুলে থাকা যায় না।