শোকের আবহে লোকসভা অধিবেশন শুরু
বিরোধী আসনের প্রথম সারিতে যাঁর বসা উচিত ছিল, সেই রাহুল গান্ধী লোকসভায় ঢুকলেন জাতীয় সংগীত শেষ হওয়ার পর এবং বসলেন নবম সারিতে। গতকাল বুধবার ষোড়শ লোকসভায় প্রথম দিনে এটা যদি প্রথম চমক হয়, দ্বিতীয় চমক তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর পাশাপাশি এআইএডিএমকে নেতা থাম্বিদুরাইয়ের লোকসভায় প্রবেশ।
চমক রাহুল লোকসভার নেতা হতে চাননি বলে নয়, চমক নবম আসনে বসা এবং জাতীয় সংগীত শেষ হওয়ার পর সদনে ঢোকায়। ফলে দলীয় সাংসদদের মনেই প্রশ্ন জেগেছে, সংসদকে তিনি কতখানি গুরুত্ব দিচ্ছেন বা দেবেন তা নিয়ে। রাহুলের পাশে বসেছিলেন কেরালা থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী শশী থারুর। সামনের কোনো আসনে বসলে কংগ্রেস সমর্থকদের কাছে অন্তত এই বার্তা যেত, শাসক দলকে লোকসভায় চেপে ধরতে তিনি পিছপা হবেন না, সংসদীয় গণতন্ত্রে তিনি আস্থা হারাচ্ছেন না।
লোকসভায় দলীয় নেতার দায়িত্ব গ্রহণে রাহুলের অসম্মতির বিষয়টি এখনো কংগ্রেস নেতাদের কাছে স্পষ্ট নয়। স্পিকারের পদে আবার একজন মহিলা (পঞ্চদশ লোকসভার স্পিকার ছিলেন কংগ্রেসের মীরা কুমার) যে আসছেন, তা প্রায় নিশ্চিত। সুমিত্রা মহাজন। ইন্দোর থেকে বিজেপির টিকিটে তিনি আটবার জিতেছেন।
কিন্তু ডেপুটি স্পিকার? কংগ্রেস এ পদে এখন আদৌ আগ্রহী কি না, তা নিয়ে কেউই কিছু বলছেন না। রীতি অনুযায়ী, প্রধান বিরোধী দলের কাউকে পদটি দেওয়া হয়। সে হিসেবে ৪৪ আসনের কংগ্রেসের কাউকে পদটি দিলে তাতে আশ্চর্যের কিছু নেই। ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, পদটি বিরোধীদেরই দেওয়া হবে। কিন্তু সেই বিরোধী দল কংগ্রেস কি না, তা স্পষ্ট করেননি। মোদির সঙ্গে থাম্বিদুরাইয়ের লোকসভায় ঢোকায় ডেপুটি স্পিকারের জল্পনাটা তাই জোরদার হয়ে উঠেছে। জয়ললিতাকে পাশে রাখতে কি তা হলে পদটি তাঁদেরই দেওয়া হচ্ছে? থাম্বিদুরাই আগেও এ দায়িত্ব পালন করেছেন।
গতকাল বেলা ১১টায় সভা বসার আগে কংগ্রেসের নয়বারের সাংসদ কমলনাথকে প্রোটেম স্পিকারের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ সেখানে ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও সংসদীয় প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে সংক্ষিপ্ত বিবৃতি দেন। বলেন, ‘লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাড়া দিয়ে জনগণ তাঁদের প্রতিনিধিদের লোকসভায় পাঠিয়েছেন। আমি দেশের মানুষকে আশ্বাস দিতে চাই, তাঁদের আশা, আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণে আমি গণতন্ত্রের এই মন্দিরে যথাসাধ্য চেষ্টা করব।’
সংসদ ভবন চত্বরে এই কথা বলে মোদি লোকসভায় ঢোকেন বেলা ১১টার সামান্য আগে। প্রধানমন্ত্রীর নির্দিষ্ট আসনে বসার আগে তিনি এগিয়ে যান সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের দিকে। তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে একে একে তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সোনিয়া গান্ধীর সঙ্গে সামান্য কথা বলে ফিরে আসেন নিজের আসনে। তাঁর পাশের আসনগুলোতে ততক্ষণে লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, রামবিলাস পাসোয়ান ও ভেঙ্কাইয়া নাইডু বসেছেন৷ ঠিক ১১টায় ঢোকেন প্রোটেম স্পিকার কমলনাথ। এরপরই বেজে ওঠে জাতীয় সংগীত। শেষ হওয়ার পরই লোকসভার সেক্রেটারি জেনারেল পি শ্রীধরন স্পিকারের কাছে নির্বাচন কমিশন থেকে পাঠানো নির্বাচিত সদস্যদের তালিকা পেশ করেন। গোপীনাথ মুণ্ডের আকস্মিক মৃত্যুতে কমলনাথ তাঁর স্মৃতিতে দুই মিনিট নীরবতা পালনের কথা বলেন। তারপর মুণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে সভার অধিবেশন বন্ধের অনুমতি চান সদস্যদের কাছ থেকে। এরপরই সভা মুলতবি করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হবে নতুন সদস্যদের শপথ গ্রহণ। কাল শুক্রবার স্পিকার নির্বাচন। সোমবার লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। পরের দুই দিন চলবে ভাষণের ওপর বিতর্ক ও ভোটাভুটি। ১২ জুন থেকে সংসদ মুলতবি হয়ে যাবে।