শৌচাগার না হলে বিচ্ছেদ
বাড়িতে একটি শৌচাগার নির্মাণে স্বামী রাজি না হওয়ায় বিবাহবিচ্ছেদ চেয়েছেন স্ত্রী৷ ভারতের বিহার রাজ্যের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে৷ বিবাহবিচ্ছেদ চেয়ে ওই নারী হেল্পলাইনে সহায়তা চাওয়ার পর বিষয়টি জানাজানি হয়৷
ওই নারী বিহারের পাটনা জেলার বিহিতা শহরের কাছে সদেশপুর গ্রামের বাসিন্দা আলাখ নিরাঞ্জনের স্ত্রী৷ স্বামীর বাড়িতে কোনো শৌচাগার না থাকায় বিয়ের পর থেকেই তিনি প্রতিদিন খোলা জায়গায় শৌচকার্য সারতে বাধ্য হচ্ছিলেন৷ স্বামীকে বাড়িতে একটি শৌচাগার নির্মাণের কথা বলায় তিনি মারধরের শিকার হন৷ এরপর বাধ্য হয়ে তিনি বিচ্ছেদ নিতে হেল্পলাইনের কাছে সহায়তা চান৷
হেল্পলাইনের পরামর্শক সারিতা সজল বলেন, ‘ওই নারী তাঁর স্বামীর সঙ্গে থাকতে রাজি নন৷ বাড়িতে শৌচাগার না থাকার কারণেই তিনি বিচ্ছেদ চাইছেন৷’ শৌচাগার নির্মাণের দাবি করায় স্বামীর হাতে তিনি মারধরের শিকার হন বলেও জানান ওই পরামর্শক৷
নিরাঞ্জনের স্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে আমার স্বামী শৌচাগার নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন৷ তবে আজও তা করা হয়নি৷ যখনই আমি এ জন্য বলি, তিনি আমাকে মারধর করেন৷ তাই আমি তাঁর সঙ্গে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি৷’
অবশ্য নিরাঞ্জন আবারও তাঁর স্ত্রীকে আশ্বাস দিয়েছেন, শিগগিরই তিনি বাড়িতে শৌচাগার নির্মাণ করবেন৷ তিনি বলেন, ‘আর্থিক সংকটের কারণে আমি শৌচাগার নির্মাণ করতে পারিনি৷ তবে আমাদের বিয়ে টিকিয়ে রাখতে আমি সেটা এখন করব৷’
এই বিরোধ মিটমাটের জন্য ওই দম্পতিকে চলতি মাসের শেষের দিকে ডাকা হবে বলে জানিয়েছেন হেল্পলাইনের পরামর্শক সজল৷ আইএএনএস৷