শৈত্যপ্রবাহ এবার এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকায় গত দুই দশকের মধ্যে তীব্রতম শৈত্যপ্রবাহটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। মনটানা থেকে শুরু করে মেরিল্যান্ড অঙ্গরাজ্য পর্যন্ত অঞ্চলে বসবাসরত যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনগণকে এই বিপজ্জনক শীত সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, কানাডার অন্টারিও প্রদেশের তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে। বাতিল করা হয়েছে উড়োজাহাজের শত শত ফ্লাইট। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের বাসিন্দাদের আসন্ন শৈত্যপ্রবাহ সম্পর্কে সতর্ক থাকতে গতকাল মঙ্গলবার পরামর্শ দেওয়া হয়।
নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির তাপমাত্রা রাতারাতি ৪৫ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিওমো বলেন, বিরূপ আবহাওয়া মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে প্রধান প্রধান সড়কের কয়েকটি অংশ বন্ধ রাখা হবে। রাতারাতি তাপমাত্রা মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সুমেরু অঞ্চল থেকে প্রবাহিত তীব্র শৈত্যপ্রবাহ আর তুষারপাতের কারণে মার্কিন খামারগুলোর শস্য ও গবাদিপশু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত ডিপ সাউথও রেহাই পায়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের টেক্সাস থেকে ফ্লোরিডার মধ্যাঞ্চল পর্যন্ত তাপমাত্রা শূন্যের নিচে নামার আশঙ্কা রয়েছে। আর টেনেসি ও কেন্টাকি অঙ্গরাজ্যে কয়েক ইঞ্চি পুরু তুষার পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়। এবারের শৈত্যপ্রবাহে গত বুধবার থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিবিসি।