শৈশবে বাদ্যযন্ত্রের অনুশীলন মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়ানো কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্রের অনুশীলন শুধু ওই বাদ্যযন্ত্রের ওপর কারও দখলই শুধু বাড়ায় না, সেই অনুশীলন কয়েক দশক পরও কারও মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সম্প্রতি এক গবেষণায় এ দাবি করা হয়।শৈশবে বাদ্যযন্ত্র বাজানোর অনুশীলন পূর্ণবয়সে অব্যাহত না রাখলেও সেই অনুশীলন বৃদ্ধবয়সেও স্মৃতিশক্তি তীক্ষ রাখতে সহায়তা করে। গবেষকেরা বলেন, যেসব বৃদ্ধ তাঁদের তরুণ বয়সে পিয়ানো, বাঁশি, ক্লারিনেট অথবা অন্য কোনো বাদ্যযন্ত্রের অনুশীলন করেছেন, তাঁরা বুদ্ধিমত্তার পরীক্ষায় অন্যদের চেয়ে ভালো করেছেন।ইউনিভার্সিটি অব ক্যানসাস মেডিকেল সেন্টারের শীর্ষ গবেষক ব্রেন্ডা হানা-প্ল্যাডি বলেন, সংগীতচর্চা মস্তিষ্ককে আরও সক্রিয় এবং বার্ধক্যের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলে।আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে। এটি প্রকাশিত হয়েছে নিউরোসাইকোলজি সাময়িকীতে। গবেষণায় সংস্থাটি ৬০-৮৩ বছর বয়সী ৭০ জন স্বাস্থ্যবান ব্যক্তিকে এই গবেষণার জন্য বেছে নেয়। এরপর সংগীতের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এরপর নেওয়া হয় কয়েকটি পরীক্ষা। যাঁরা কখনোই বাদ্যযন্ত্রের চর্চা করেননি, তাঁদের তুলনায় যাঁরা বাদ্যযন্ত্র চর্চা করেছেন, তাঁরা পরীক্ষাগুলোতে ভালো করেছেন।গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের তিন ভাগে ভাগ করা হয়। যাঁদের সংগীতবিষয়ক কোনো প্রশিক্ষণ নেই, তাঁদের প্রথম ভাগে রাখা হয়। যাঁদের এক থেকে নয় বছর সংগীতে প্রশিক্ষণ রয়েছে, তাঁদের দ্বিতীয় ভাগে। আর যাদের কমপক্ষে ১০ বছরের সঙ্গীত প্রশিক্ষণ রয়েছে, তাদের রাখা হয় তৃতীয় ভাগে।গবেষণায় অংশ নেওয়া সব ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা সমান। তাঁদের শারীরিক সক্ষমতাও ছিল একই ধরনের। এ ছাড়া তাঁদের আলঝেইমার রোগও ছিল না। গবেষণায় অংশ নেওয়া শিল্পীরা প্রায় ১০ বছর বয়সে বাদ্যযন্ত্র বাজানো শুরু করেছিলেন। তাঁদের অর্ধেকেরও বেশি পিয়ানো বাজিয়েছিলেন এবং প্রায় এক চতুর্থাংশ বাঁশিতে সুর তুলেছিলেন। টেলিগ্রাফ।