শোকবিহ্বল দক্ষিণ আফ্রিকা
এই বিরাট আঘাতের জন্য দুরু দুরু বুকে একরকম অপেক্ষাই করছিল দক্ষিণ আফ্রিকার মানুষ। সবার প্রিয় মাদিবা অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তো একজন রক্তমাংসের মরণশীল মানুষই। চরম দুঃসংবাদটির জন্য মনে মনে সবাই প্রায় তৈরিই ছিলেন। তবু ‘তাতা’ অর্থাৎ পিতার প্রয়াণে দেশবাসী আজ শোকে স্তব্ধ।
জোহানেসবার্গের শহরতলিতে নেলসন ম্যান্ডেলার বাড়ির বাইরে গতকাল শুক্রবার দিনমান ছিল শোকাতুর মানুষের ভিড়। স্থানীয় রীতি অনুযায়ী কেউ নাচছে, কেউ উলুধ্বনি দিচ্ছে। গাইছে স্বাধীনতার গান। শোকবিহ্বল মানুষ যে যেভাবে পারছে, মহানায়কের স্মৃতি উদ্যাপন করছে। ববি ড্যামোন নামের একজন বললেন, ‘আমি এখানে শোক করতে আসিনি। এসেছি একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে।’ ম্যান্ডেলার বাড়ির কয়েকটি রাস্তা বাদেই তাঁর বাসা।
ম্যান্ডেলার সাবেক বাড়ি সোয়েটোতেও শোকাতুর মানুষের ভিড়। বাড়ির বাইরে অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তারা।
মহানায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ৩৮ বছর বয়সী চিকিৎসক মাহলোদি তাউ। তিনি বললেন, ‘একটি সুন্দর জীবনের অবসান হলো। তিনি (ম্যান্ডেলা) তাঁর সংগ্রাম শেষ করেছেন। আজীবন একটি মহান উদ্দেশ্যে লড়াই করে গেছেন।’
গাড়িতে ‘জাতির পিতা’ লিখে এসেছেন সোয়েটোবাসী সিফিসি এমনিসি। তিনি বলেন, ‘৯৫ বছর...। তবু আমরা আজকের দিনটির জন্য আতঙ্কিত ছিলাম।’
দেশজুড়ে শোকের ছায়া, তবে কান্না নেই। দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টির সদস্য ডিন গুলওয়ার কথায় পাওয়া গেল এর কারণ, ‘কাঁদার প্রয়োজন নেই। আমরা শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করছি।’
সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেপটাউনে গতকাল ভোরেই এক আবেগঘন প্রার্থনায় নেতৃত্ব দেন আর্চবিশপ নোবেলজয়ী ডেসমন্ড টুটু। সব মতবাদ ও বর্ণের যে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন দেখছিলেন ম্যান্ডেলা, টুটু তাঁর প্রার্থনায় সেই স্বপ্ন বাস্তবায়নেরই সংকল্প পুনর্ব্যক্ত করলেন। বললেন, ম্যান্ডেলার মৃত্যু হলেও তাঁর স্বপ্নের মৃত্যু নেই।
আগের রাতে প্রেসিডেন্ট জ্যাকব জুমা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যান্ডেলার মৃত্যুর কথা ঘোষণা করতেই স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। ডিজে পার্টি ও নৈশক্লাবগুলোতে পর্যন্ত নেমে আসে পিনপতন নীরবতা। প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশ তাঁর শ্রেষ্ঠ সন্তানকে হারাল। জনগণ হারাল তাদের পিতা।’
ম্যান্ডেলার মৃত্যুতে গতকাল ডাকা হয় পার্লামেন্টের বিশেষ অধিবেশন। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় জোহানেসবার্গ স্টক এক্সচেঞ্জের লেনদেন। প্রতিটি সরকারি ভবনে খোলা হয় শোক বই।
বিদেশিরাও এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় নত। গত আট বছর ধরে দক্ষিণ আফ্রিকায় আছেন পাপি জোসিয়াস। কঙ্গোর এই ব্যবসায়ী বললেন, বর্ণবাদবিরোধী আন্দোলনের কয়েক দশকের মধ্যে আফ্রিকার সবচেয়ে বড় ও আধুনিক অর্থনীতিতে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা।
‘আমি এখন আপনার পাশে বসে কথা বলতে পারছি শুধু নেলসন ম্যান্ডেলার কারণে। তিনি যদি না জন্মাতেন, আমি কখনোই দক্ষিণ আফ্রিকায় আপনার পাশে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না।’—বলেন পাপি জোসিয়াস। তিনি বলেন, ‘ম্যান্ডেলা অনেক রাষ্ট্রের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেছেন। আমি দক্ষিণ আফ্রিকায় এসেছি। কারণ ম্যান্ডেলা এখানে শান্তি প্রতিষ্ঠা করেছেন।’
‘আমার মধ্যে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। আমি আনন্দিত যে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। আবার তাঁকে চলে যেতে দেখে খারাপও লাগছে’—বলছিলেন ৪৫ বছরের গৃহিণী মোলবোগেং এনথেলেদি। ২১ বছরের গ্যারেজ কর্মী সিনদিসা মাকানা বলেন, ‘ এ এক কিংবদন্তির প্রস্থান।’ এএফপি ও রয়টার্স।