শোকে স্তব্ধ করাচি নগর
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গতকাল বুধবার পাকিস্তানের বন্দর নগর করাচিতে শোক পালিত হয়েছে। এ দিন রাস্তাঘাটে কোনো যানবাহন চলাচল করেনি। দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ছিল পুলিশ ও আধা সামরিক বাহিনীর সতর্ক নজরদারি। ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক দল মুত্তাহিদা কাওমি মুভমেন্টের (এমকিউএম) ডাকে এ শোক কর্মসূচি পালিত হয়।পাকিস্তানের সবচেয়ে বড় নগর করাচিতে গত শনিবার থেকে চার দিনের রাজনৈতিক সহিংসতায় ৭০ জনেরও বেশি নিহত হয়েছে। এমকিউএম বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তাদের দলের কর্মী-সমর্থকও রয়েছে। স্থানীয় একটি উপনির্বাচনকে কেন্দ্র করে এসব সহিসংতার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবারের সহিংসতায় ২৭ জন নিহত হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছে ১১ জন।অব্যাহত সহিংসতায় এমকিউএম ও আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) কর্মীরা নিহত হয়েছে। এসব ঘটনার জন্য দুই দলই পরস্পরকে দায়ী করেছে। এএনপিও ক্ষমতাসীন জোট সরকারের সদস্য।করাচির পুলিশপ্রধান ফায়েজ লেঘারি বলেছেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় কে বা কারা জড়িত, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে একটা বিষয় স্পষ্ট, করাচিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চলছে। তিনি জানান, পুলিশ এসব ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।পুলিশ জানায়, মুখোশধারী একদল বন্দুকধারী মঙ্গলবার মোটরসাইকেলে করে শেরশাহ কাবারি মার্কেটে গিয়ে হামলা চালায়। তাদের গুলিতে অন্তত ১১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।এমকিউএমের প্রাদেশিক আইনপ্রণেতা রেজা হায়দার গত আগস্টে আততায়ীদের গুলিতে নিহত হন। গত রোববার ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এমকিউএমের প্রার্থী জয়ী হন। এএনপি এ নির্বাচন বর্জন করেছে। করাচির উর্দুভাষী অধিকাংশ লোক এমকিউএমের সমর্থক। আর পশতুনভাষীরা এএনপির সমর্থক। এএফপি।