শরণার্থী ও অবৈধ অভিবাসী নিয়ে ইতালির সমস্যা অনেক পুরোনো। অভিবাসীদের বৈধ করে বহুসাংস্কৃতিক পরিচয় মেনে নেওয়া হবে কি না, সেই প্রশ্নের সমাধান আজও করতে পারেননি দেশটির নীতিনির্ধারকেরা। কিন্তু এ নিয়ে রাজনীতিবিদদের পরস্পরবিরোধী অবস্থান ওলট-পালট করে দিয়েছে সাম্প্রতিক শোকাবহ কিছু বড় ঘটনা। এখন অভিবাসী অধিকার জোরালো হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সপ্তাহ খানেক আগে ইতালির উপকূলে ভূমধ্যসাগরের লাম্পিদুসা দ্বীপের কাছে একটি নৌকা ডুবে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। এরপর গত শুক্রবার ভূমধ্যসাগরের সিসিলি দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় ৩০ জনের প্রাণহানি হয়। নৌকাডুবিতে প্রাণ হারানো ওই সব মানুষের বেশির ভাগ আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। তাঁরা অবৈধভাবে ইউরোপে বিশেষ করে ইতালিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
লাম্পিদুসার ওই দুর্ঘটনার পর দ্বীপটি পরিদর্শনে গিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেট্টা। এ সময় তিনি শরণার্থী আইন সংস্কারের ঘোষণা দিয়ে বলেন, অভিবাসন-বিষয়ক নিষ্ঠুর আইন বাতিল করা উচিত।
ইতালির পার্লামেন্টের সদস্য মধ্য-বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নেতা মরোক্কোর বংশোদ্ভূত খালিদ সাউয়োকি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘সংস্কারের এখনই সময়। এখন না হলে আর কখনোই হবে না।’
অভিবাসন আইন নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘বসি-ফিনি আইন’। এই আইন অনুযায়ী সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের মাত্রাতিরিক্ত জরিমানা করা হয়। সবচেয়ে নির্মম বিষয় হলো অভিবাসনপ্রত্যাশীরা সাগরে ডুবে মরলেও তাঁদের রক্ষায় কারও এগিয়ে যাওয়ার উপায় নেই। কেননা, বিতর্কিত ওই আইন অনুযায়ী, অবৈধ অভিবাসীদের কেউ কোনো সহযোগিতা করলে তাঁকেও বিচারের মুখোমুখি হতে হয়।
অভিবাসন ও শরণার্থী অধিকার আন্দোলনের কর্মীরা আশা করছেন, এবার হয়তো কিছু একটা হতে পারে। তবে ক্ষমতাসীন জোটে সাবেক প্রধানমন্ত্রী ভিলভিও বেরলুসকোনির দল পিপল অব ফ্রিডম পার্টি থাকায় সংশয়ও রয়েছে। বিতর্কিত ওই সব আইনের পক্ষে একসময় ভোট দিয়েছিল এই দলটি। এএফপি।