শোচনীয় পরিস্থিতিতে জেমস মারডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোন কেলেঙ্কারির জের ধরে নিউজ করপোরেশনের চেয়ারম্যান রুপার্ট মারডকের ছেলে জেমস মারডক শোচনীয় পরিস্থিতিতে পড়েছেন। গণমাধ্যমের বিশ্লেষকেরা বলেছেন, এ ঘটনার জের ধরে নিউজ করপোরেশনের নির্বাহী জেমস মারডকের নিজ অবস্থান ঝুঁকির মুখে পড়েছে।যুক্তরাজ্যের সংসদীয় কমিটিতে গত মঙ্গলবার জেমস মারডক সত্য তথ্য দেননি বলে বন্ধ হয়ে যাওয়া ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের দুজন সাবেক কর্মকর্তা সম্প্রতি অভিযোগ করায় জেমসের ওপর চাপ বেড়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।মারডক আসলেই কমিটির কাছে অসত্য তথ্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখতে বিরোধী দল লেবার পার্টির নেতা টম ওয়াটসন ব্রিটিশ পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে পুলিশ এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে।লেবার পার্টির আরেক নেতা ও আইনপ্রণেতা ক্রিস ব্রায়ান্ট নিউজ করপোরেশনের স্বাধীন পরিচালকদের কাছে চিঠি পাঠিয়ে জেমস মারডক ও তাঁর বাবা রুপার্ট মারডককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। অবশ্য টেলিভিশন কোম্পানি বিস্কাইবির স্বাধীন পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারী ও অংশীদারেরা এই সপ্তাহের শেষে অনুষ্ঠেয় এক বৈঠকে জেমসকে সহযোগিতা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্স।