শোয়ার্জেনিগার ও মারিয়া শ্রিভারের বিবাহবিচ্ছেদ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনিগারের সঙ্গে তাঁর স্ত্রী মারিয়া শ্রিভারের বিবাহবিচ্ছেদ হয়েছে। গত সোমবার বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তাঁদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটল।লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক যৌথ বিবৃতিতে শোয়ার্জেনিগার ও মারিয়া বলেন, ‘আমাদের দুজনেরই এখন ব্যক্তিগত ও পেশাগত দিক দিয়ে ক্রান্তিকাল যাচ্ছে। অনেক চিন্তাভাবনা, আলোচনা ও প্রার্থনার পর আমরা দুজনে মিলে বিবাহবিচ্ছেদের এ সিদ্ধান্ত নিয়েছি। এখন আলাদাভাবে বসবাস করলেও আমরা ভবিষ্যৎ সম্পর্কের জন্য কাজ করে যাব।’রিপাবলিকান দলীয় গর্ভনর শোয়ার্জেনিগার দুই মেয়াদে গভর্নরের দায়িত্ব পালন শেষে গত জানুয়ারিতে পদত্যাগ করেন। এরপর তিনি হলিউডে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন।১৯৭৭ সালে একটি চ্যারিটি টেনিস টুর্নামেন্টে কেনেডি পরিবারের সদস্য মারিয়া শ্রিভারের সঙ্গে পরিচয় হয় শোয়ার্জেনিগারের। এর নয় বছর পর ১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন। শ্রিভারের মা ইউনিস কেনেডি শ্রিভার প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বোন। শোয়ার্জেনিগার দম্পতির চারটি সন্তান রয়েছে। তাঁদের বয়স ১৪, ১৮, ২০ ও ২১ বছর। এএফপি।