শৌচাগারে বাঘের দেখা
বিনোদনের আশায় সার্কাস দেখতে গিয়েছিলেন মার্কিন জেনা ক্রেবিল। তিন বছরের সন্তানকে নিয়ে সার্কাসও দেখলেন। তারপর সার্কাসের শৌচাগারে ঢুকে আর যা-ই দেখুন, বাঘ দেখবেন—এমনটি কল্পনা করেননি তিনি। এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জেনাকে।শৌচাগারে ঢুকে আচমকা বাঘ দেখে ভয়ে তাঁর অবস্থা কাহিল হলেও তাঁর মেয়ে ছিল নির্বাক। মেয়ে তাঁর কাছে প্রশ্ন করে, বাঘটি শৌচাগারে হাত ধুতে এসেছে কি না। ঘটনাটি ঘটেছে গত শনিবার যুক্তরাষ্ট্রের কানসাসের আইসিস শ্রাইন সার্কাসে। জেনা ক্রেবিল ওই দিন মেয়েকে নিয়ে সার্কাস দেখতে গিয়েছিলেন। সার্কাসে বড় বিড়ালের (বাঘ) সব কাণ্ডকারখানা দেখার পর মেয়েকে নিয়ে শৌচাগারে যান। শৌচাগারের দরজা বন্ধ করার পরপরই দেখতে পান, তিন ফুটেরও কম দূরত্বে বসে আছে জলজ্যান্ত বাঘ!ওই সময়ের অভিজ্ঞতা সম্পর্কে জেনা বলেন, বাঘটি খুব বড় ছিল না। তবে ওজন হবে কমপক্ষে ১১৩ কেজি। খাঁচার বাইরে সবচেয়ে কম দূরত্ব এভাবে বাঘ দেখে রক্ত হিম হওয়ার জোগাড়। তিনি যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেন। তবে তাঁর মেয়ে ছিল নির্ভয়।বাঘটি ছিল আইসিস শ্রাইন সার্কাসেরই। মঞ্চে নিজের কলাকৌশল দেখানোর পর সবার অলক্ষে বেরিয়ে যায় সেটি। পরে শৌচাগারে ঘোরাঘুরি করতে থাকে। সার্কাসের কর্মচারীরা ব্যাপারটি বোঝার পরপরই বাঘটির খোঁজ শুরু করেন। অবশ্য কিছুক্ষণ পর সার্কাসের লোকজন এসে বাঘটিকে খাঁচাবন্দী করেন। পিটিআই।