শৌচাগারের আশ্বাসে স্বামীর ঘরে ফিরলেন বধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগার দেওয়া হবে—এমন আশ্বাস পেয়ে স্বামীর ঘরে ফিরেছেন গৃহত্যাগী ভারতীয় এক বধূ। সাত বছর আগে মধ্যপ্রদেশের দেবাস জেলার বাসিন্দা সবিতা (২৭) নামের ওই গৃহবধূর সঙ্গে মুন্ডলানা গ্রামের দেবকরণ মালব্যর বিয়ে হয়। কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে পড়েন এক মহা বিড়ম্বনায়। প্রাকৃতিক কাজ সারার জন্য কোনো শৌচাগার নেই। সবাই খোলা জায়গায় কাজ সারেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন দলিত সমাজের এই গৃহবধূ। ফল না পেয়ে বছর তিনেক আগে দুই শিশু নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে যান তিনি। বাবার বাড়ি গিয়ে ওই গৃহবধূ সাফ জানিয়ে দেন, শৌচাগার না বানালে তিনি আর স্বামীর ঘরে ফিরবেন না। ভরণ-পোষণের অর্থ চেয়ে আদালতে মামলাও করেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ১০ জানুয়ারি।
উপায় না দেখে শেষে স্বামী দেবকরণ আদালতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন, আগামী ১০ জানুয়ারির আগেই তিনি তাঁর বাড়িতে শৌচাগার বানাবেন। এই আশ্বাসে গৃহবধূ স্বামীর বাড়ি ফিরতে রাজি হয়েছেন।
এখনো ভারতের উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের অনুন্নত প্রত্যন্ত গ্রামাঞ্চলে শৌচাগার নেই। যেতে হয় উন্মুক্ত স্থানে।