শ্বেতসাগরের বিচিত্র প্রাণী
উত্তর মেরুর কাছে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলজুড়ে শুধু বরফ আর বরফ। সেখানকার সাগরে পুরু হয়ে থাকে বরফের স্তর। এমন হিম সাগরের গভীরে একসঙ্গে বেশ কিছু বাহারি প্রাণীর সদর্পে বিচরণের কথা ভাবাই যায় না। কিন্তু সামুদ্রিক জীববিজ্ঞানী আলেকসান্দর সেমেনোভের ক্যামেরা সে ভুল ভেঙে দিয়েছে। তিনি সেখানকার শ্বেতসাগরের গভীর থেকে এমন কিছু বর্ণালী প্রাণীর ছবি তুলেছেন, যা এর আগে দেখা যায়নি।এসব ছবি তোলা সেমেনোভের জন্য ছিল এক দুঃসাহসিক কাজ। রাশিয়ার জনবহুল এলাকা থেকে অনেক দূরে হোয়াইট সি বায়োলজিক্যাল স্টেশনে বৈরী পরিবেশে তাঁকে পুরো দুই বছর কাটাতে হয়েছে। উত্তর মেরুর বরফগলা পানিতে তাঁকে সাঁতরাতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। এ সময় তাপমাত্রা কখনো ছিল দুই ডিগ্রি সেলসিয়াস। কখনো বা তা কমতে কমতে মাইনাস ৩০ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। সাগরতলে এই অভিযানে সেমেনোভ যেসব প্রাণীর সন্ধান পেয়েছেন, সেসব প্রাণীর আকার ও বৈশিষ্ট্য বিশ্বের অন্য প্রান্তে বাস করা প্রজাতির চেয়ে আলাদা।এ ব্যাপারে সেমেনোভ বলেন, ‘ওই হিমসাগরে যেসব প্রাণীর সন্ধান পেয়েছি, এসবের সঙ্গে আগে দেখা অন্যান্য সামুদ্রিক প্রাণীর কোনো মিল নেই।’ তিনি আরও বলেন, ‘সামুদ্রিক জীববিজ্ঞানীদের জন্য এটি অনন্য স্থান। আমি যখন প্রথম ওই সাগরে নামি, আমার জন্য তা ছিল এক চমক। শ্বেতসাগর আমার কাছে তার নিজস্ব প্রাণী তুলে ধরেছে।’এসব প্রাণীর মধ্যে রয়েছে উজ্জ্বল গোলাপি রঙের স্কেলিটন শ্রিম্প (এক ধরনের বাগদা চিংড়ি) ও সি অ্যাঞ্জেল নামের এক ধরনের অদ্ভুত প্রাণী। আরও আছে সি বাটারফ্লাই। এটি এক ধরনের সামুদ্রিক শামুক। খুদে প্রাণী শিকার করার জন্য এই শামুকের বিশেষ জাল রয়েছে। সেমেনোভ জানান, এসব প্রাণীর বেশির ভাগই সাধারণ বিজ্ঞানীদের কাছে অপরিচিত। হাতেগোনা কয়েকজন বিশেষজ্ঞ ও সামুদ্রিক জীববিজ্ঞানীর পক্ষেই কেবল এসব প্রাণী শনাক্ত করা সম্ভব। ডেইলি মেইল।