শ্বেতাঙ্গদের ছাড়াবে সংখ্যালঘুরা
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের সংখ্যা দিন দিন কমছে। ২০৫০ সাল নাগাদ সে দেশের সংখ্যালঘুরা শ্বেতাঙ্গদের ছাড়িয়ে যাবে। সরকারি এক জরিপ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ ব্যাপারে একটি পরিসংখ্যান তুলে ধরেছে পিউ রিসার্চ সেন্টার। আদমশুমারিবিষয়ক দপ্তর সেনসাস ব্যুরো গত বছর এই জরিপ চালায়। এতে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত মার্কিন জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। সেনসাস ব্যুরোর জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক দশকে যুক্তরাষ্ট্রে যেসব শিশু জন্ম নিয়েছে, এর মধ্যে কৃষ্ণাঙ্গ, হিসপানিক ও এশীয় শিশুর জন্মের হার ৯০ শতাংশ। এসব নাগরিকের জন্ম ও অভিবাসন বৃদ্ধির হার অনুযায়ী পরবর্তী ৪০ বছরে তারা শ্বেতাঙ্গ নাগরিকদের ছাড়িয়ে যাবে। তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যে এখন অর্ধেকের বেশি শিশু অশ্বেতাঙ্গ। এসব অঙ্গরাজ্য হচ্ছে মিসিসিপি, জর্জিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা, অ্যারিজোনা, নেভাদা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও হাওয়াই। মার্কিন নাগরিকদের মধ্যে শ্বেতাঙ্গরা এখনো সংখ্যায় বেশি। মোট জনসংখ্যার ৬৪ শতাংশ তারা। তবে দিন দিন কমে আসছে এই হার। ২০০০ সালে শ্বেতাঙ্গ ছিল ৬৯ শতাংশ। হিসপানিক নাগরিকের সংখ্যা গত এক দশকে ১৩ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়েছে। কৃষ্ণাঙ্গদের হার ১২ শতাংশে স্থির রয়েছে। ডেইলি মেইল অনলাইন।