শ্যামল বরণ উদযাপনে 'আনফেয়ার অ্যান্ড লাভলি'

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ-চোখ।’ কালো বা শ্যামলা মেয়ের সৌন্দর্যে কবি মুগ্ধ হলেও এশিয়ার, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অধিকাংশ মানুষ এতে মুগ্ধ হয় না। গায়ের এমন রং নিয়ে উল্টো পোহাতে হয় নানা বিড়ম্বনা—পরিবার থেকে শুরু করে সামাজিক পরিসরে। ফরসা নয়, বরং গায়ের কালো রংকে উদযাপন করতে নতুন এক সামাজিক প্রচারণা শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে, ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিনের তিন শিক্ষার্থী এই প্রচারণা শুরু করেন। এই মুহূর্তে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম আলোচিত বিষয়। গত ডিসেম্বরে এই বিশ্ববিদ্যালয়ের প্যাক্স জোনস (২১) নামের এক কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীর উদ্যোগে এর যাত্রা শুরু। প্যাক্স নিজের, তাঁর দক্ষিণ এশিয়ান সহপাঠীদের এবং দুই বোন মিরুশা ও ইয়ানুশার ছবি সিরিজ আকারে প্রকাশ করেন। মিরুশা ও ইয়ানুশা ভারতের তামিল বংশোদ্ভূত, শ্যামলা বরণ গায়ের রং। তাঁরাও এই উদ্যোগে শামিল হন।
বিবিসিকে প্যাক্স বলেন, ‘শুধু দেহের রঙের কারণে আমাদের জীবনধারা কতটা ভিন্ন হয়ে যায়—সেই বিষয়টির প্রতিই আমরা মানুষের মনোযোগ আকর্ষণ করছি।’
ইতিমধ্যে এই প্রচারণা বেশ সাড়া ফেলেছে। মানুষ টুইটার ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ লিখে এই প্রচারণার প্রতি সমর্থন জানাচ্ছেন। ইতিমধ্যে হাজার খানেক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে।
দুই বোনের একজন মিরুশা বলেন, তিনি দক্ষিণ এশিয়ার মেয়েদের সঙ্গে একাত্ম হয়ে গায়ের রং-জনিত বৈষম্যের বিরুদ্ধে প্রচারণায় শামিল হয়েছেন। তিনি বলেন, ‘বেশির ভাগ মানুষ আমাকে রোদে বের হতে বারণ করেন। তাতে নাকি গায়ের রং আরও কালো হয়ে যাবে। কালো রং যেন অনাকাঙ্ক্ষিত।’ নানাজনের নানা কটু কথা আর বাজে আচরণের উল্লেখ করে তিনি বলেন, ‘এমন যখন ঘটতে থাকে, তখন আমি যে মূল্যবান-সেটা বিশ্বাস করা নিজের কাছেই কঠিন হয়ে যায়। নিজেকে খুব অসহায় লাগে।’