শ্রমিক ধর্মঘটে অচল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তিভিত্তিক শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে ইসরায়েলে গতকাল বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। দেশটির বিভিন্ন শ্রমিক সংগঠনের মোর্চা হিসটাড্রুটের আহ্বানে এ ধর্মঘট পালিত হয়।এর আগে মঙ্গলবার রাতে হিসটাড্রুটের নেতাদের সঙ্গে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ছয়টা থেকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।হিসটাড্রুট অভিযোগ করেছে, ইসরায়েলে চুক্তিভিত্তিক শ্রমিকদের চাকরির কোনো নিরাপত্তা নেই। কোনো ধরনের নোটিশ ছাড়াই যখন-তখন তাদের চাকরিচ্যুত করা হয়। চাকরি থেকে অপসারণের পর তাদের ভাগ্যে খুব সামান্যই আর্থিক সুবিধা জোটে। এমনকি চুক্তিভিত্তিক শ্রমিকদের চাকরিচ্যুতির বেশির ভাগ ঘটনা সরকারি প্রতিষ্ঠানেই দেখা যায়।প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারীরা যেসব সুবিধা পান, চুক্তিভিত্তিক শ্রমিকদেরও একই সুবিধা দেওয়ার দাবি করেছে সংগঠনটি। এ ছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করা চুক্তিভিত্তিক শ্রমিকদের একটি অংশের চাকরি স্থায়ী করারও দাবি জানিয়েছে হিসটাড্রুট।হিসটাড্রুট অভিযোগ করেছে চুক্তিভিত্তিক শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে ইসরায়েল সরকার আন্তরিকতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। যদিও বেসরকারি খাতের উদ্যোক্তারা শ্রমিকদের এসব দাবি মেনে নেবে বলে জানিয়েছে।হিসটাড্রুটের প্রধান অফার ইনি ধর্মঘট চলাকালে গতকাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা এলে সঙ্গে সঙ্গে ধর্মঘট প্রত্যাহার করা হবে। তিনি জানান, মৌলিক কিছু বিষয়ে চুক্তিভিত্তিক এবং স্থায়ী শ্রমিকদের একই ধরনের অধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তবে সরকার শ্রমিকদের দাবি পূরণের ব্যাপারে উদ্যোগী নয়। ধর্মঘটের ফলে দেশটির ব্যবসা-বাণিজ্য, কল-কারখানার উৎপাদন, ব্যাংক-বিমার কার্যক্রম, বিমান উড্ডয়নসহ প্রশাসনিক কাজ ব্যাহত হয়। বেশির ভাগ সরকারি কার্যালয় বন্ধ ছিল। এএফপি।