শ্রমিকদের নিরাপত্তার উদ্বেগে জিএসপি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার দেশটিতে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) বাতিল করেছে। এ নিয়ে রয়টার্সে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত শত কোটি ডলারের পোশাক খাতকে  সরাসরি প্রভাবিত করবে না। কারণ, পোশাক খাত যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বাজারসুবিধার আওতাভুক্ত নয়। কিন্তু ওই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নকেও একই কাজে উদ্বুদ্ধ করতে পারে, যেটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে বাংলাদেশের পোশাক ও বস্ত্র রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

জিএসপি প্রত্যাহার প্রসঙ্গে ওবামা বলেন, ‘বাংলাদেশকে বাতিল (জিএসপি প্রত্যাহার) করা যথোচিত বলে আমি দৃঢ়ভাবে মনে করি...কারণ দেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার সংরক্ষণে ব্যবস্থা নিচ্ছে না।’

ওবামার বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে ব্যবসায় সরাসরি প্রভাব পড়বে না। তবে এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘পোশাক কারখানাগুলোর মানোন্নয়নে আমরা মরিয়া হয়ে চেষ্টা করছি। আমরা সহায়তা প্রত্যাশা করি, শাস্তিমূলক ব্যবস্থা নয়।’

চলতি বছরের ২৪ এপ্রিল রাজধানীর অদূরে সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১৩২ জন এবং গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুনে ১১২ জন শ্রমিক মারা যান। এর পর থেকে বাংলাদেশের কারখানাগুলো যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের নজরদারিতে আসে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক প্রতিনিধি মাইকেল ফ্রম্যান বলেন, ‘এই সিদ্ধান্তটি এমনি এমনিই নেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ জিএসপি-সুবিধা অর্জনের যোগ্যতা অর্জন করবে—কেবল এটিই আমাদের লক্ষ্য। আমরা একই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ, যথোপযুক্ত কর্মপরিবেশ দেখতে চাই।’

যুক্তরাষ্ট্রভিত্তিক শ্রমিক ফেডারেশন ‘এএফএল-সিআইও’-এর প্রেসিডেন্ট রিচার্ড ট্রুমকা বলেন, যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্ত দেশটির কাছ থেকে জিএসপি-সুবিধা পাওয়া দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা। তিনি আরও বলেন, যেসব দেশ মারাত্মক, এমনকি মৃত্যুর ঝুঁকিতে থাকা পরিবেশে শ্রমিকদের কাজ করতে দেয় এবং শ্রমিকদের সংগঠন করার অধিকারসহ ন্যূনতম সুবিধা দিতে চায় না, তারা যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বঞ্চিত হতে পারে।’

যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ও নিউজার্সির ডেমোক্র্যাট-দলীয় আইন প্রণেতা রবার্ট মেনেন্দেজ বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশটির বিভিন্ন কোম্পানির প্রতিও একটি বার্তা। আর তা হলো কোম্পানিগুলোর উচিত বাংলাদেশের কারখানার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া।

মেনেন্দেজ বলেন, ‘কেউই বাংলাদেশে তৈরি পোশাক কিনতে চাইবে না, যদি তা পোশাকশ্রমিকদের রক্তের ওপর তৈরি হয়। সময় এসেছে যুক্তরাষ্ট্রের শিল্পগুলোর নেতৃত্বে আসার এবং নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক মান তৈরিতে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কাজ করা।’