শ্রমিকদের স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলার একাদশ বর্ষপূর্তি হচ্ছে আজ মঙ্গলবার। সেখানে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক এখন ভুগছেন ক্যানসারসহ নানা জটিল স্বাস্থ্য-সমস্যায়। তাঁদের স্বাস্থ্য নিয়ে রয়েছে উদ্বেগ।২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১১০ তলার টুইন টাওয়ার ধসে পড়ে। এর সঙ্গে তখন হাজার হাজার টন স্টিল, কংক্রিট, জানালার কাচ ও খনিজ পদার্থের জঞ্জাল জমে। এ ছাড়া বিমানের হাজার হাজার লিটার পোড়া জ্বালানি তেল ও পোড়া প্লাস্টিক ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এসব জঞ্জাল সরানোর কাজ করেন কয়েক হাজার শ্রমিক।এই শ্রমিকদের অনেকেই নানা জটিল অসুখে আক্রান্ত। নানা রোগে অনেকের মৃত্যুও হয়েছে। বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্বাস্থ্য প্রকল্পের আওতায় ২০ হাজার গ্রাউন্ড জিরো কর্মীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ৪০ হাজার কর্মীর স্বাস্থ্য নিরীক্ষা করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় এই বাজেট নিতান্তই অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। লেসলি হাসকিনস নামের এক নারী নয়-এগারোর হামলায় তাঁর স্বামীকে হারিয়েছেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্র পুনর্নির্মাণের কাজ নিয়ে যে রাজনীতি চলছে, এতে তিনি হতাশ। বহুতল ভবন নির্মাণের চেয়েও অসুস্থ কর্মীদের চিকিৎসার দিকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। কারণ, তাঁরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। তাঁদের সংসার ভেঙে যাচ্ছে। এএফপি।