শ্রীলংকার তামিল এলাকা সফরে যাবেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলংকার যুদ্ধবিধ্বস্ত তামিল অধ্যুষিত এলাকা সফর করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী মাসে শ্রীলংকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের সময় তিনি সেখানে যাবেন। ক্যামেরনই হবেন প্রথম বিদেশি নেতা, যিনি গৃহযুদ্ধ শেষের পর ওই এলাকায় যাচ্ছেন।
সেনাবাহিনীর এক জোরালো অভিযানের মধ্য দিয়ে ২০০৯ সালে শ্রীলংকার দীর্ঘদিনের গৃহযুদ্ধ শেষ হয়। কিন্তু ওই অভিযানের শেষ দিকে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয় বলে অভিযোগ রয়েছে। এসব কারণে কলম্বোয় কমনওয়েলথের সম্মেলনে যোগ না দেওয়ার জন্য দেশে ও দেশের বাইরে থেকে চাপ আছে ক্যামেরনের ওপর। কিন্তু এর পরও তিনি সেখানে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
গত বুধবার লন্ডনে মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চির সঙ্গে বৈঠক করেন ডেভিড ক্যামেরন। এরপর শ্রীলংকা সফরের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আমার সিদ্ধান্ত ঠিকই আছে...। শ্রীলংকা সরকারের সঙ্গে আমার কিছু কঠিন আলোচনা আছে।’
ক্যামেরন আরও বলেন, ‘তাদের (শ্রীলংকা) মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমি খুশি নই। যুদ্ধের সময় তারা যেটা করেছে, তা ঠিক করেছে বলে আমি মনে করি না। এসব নিয়ে তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই।’ এএফপি।