শ্রীলঙ্কা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে সৌদি আরব
সৌদি আরব শ্রীলঙ্কা থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। শ্রীলঙ্কার একজন গৃহপরিচারিকার শিরশ্ছেদ করার ঘটনায় রিয়াদ ও কলম্বোর মধ্যে সম্পর্কে চরম অবনতি হয়েছে। এর জের ধরেই ওই পদক্ষেপ নেওয়া হয়।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘শ্রীলঙ্কার সরকার সৌদি আরব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরাও শ্রীলঙ্কা থেকে আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’গত মাসে রিজানা নাফিক নামে শ্রীলঙ্কার ওই গৃহপরিচারিকার শিরশ্ছেদ করে সৌদি আরব। ২০০৫ সালে রিজানার অবহেলার কারণে চার মাসের এক শিশুর মৃত্যু হয় বলে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০০৫ সালে রিজানার বয়স ছিল ১৭ বছর এবং তিনি বরাবরই ওই অভিযোগ অস্বীকার করেছেন। রিজানার শিরশ্ছেদের পর শ্রীলঙ্কার তথ্যমন্ত্রী ঘোষণা দেন, সৌদি আরবে তাঁরা আর অনূর্ধ্ব ২৫ বছরের নারীদের গৃহপরিচারিকার কাজে পাঠাবেন না। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের কাজে নারীদের পাঠানো বন্ধ করা হবে বলেও তিনি জানান। রিজানার শিরশ্ছেদের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ব্যাপক নিন্দা জানিয়েছে। এএফপি।