শ্রীলঙ্কায় কারফিউ বাড়ানো হয়েছে, দাঙ্গায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার জনপ্রিয় পর্যটনকেন্দ্র-সংলগ্ন এলাকায় জারি করা কারফিউর সময়সীমা আজ সোমবার বাড়ানো হয়েছে। শ্রীলঙ্কার সরকারের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, সাম্প্রদায়িক দাঙ্গায় তিনজন নিহত হয়েছে।

ক্ষুব্ধ বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন গত রোববার মুসলিম-অধ্যুষিত এলাকায় হামলা চালালে অন্তত ৮০ জন আহত হয়। মুসলিম মালিকানাধীন বেশ কিছু দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এএফপির খবরে জানানো হয়, মুসলিম সম্প্রদায়ের নেতারা রোববার রাতের সহিংসতার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা আলুটগামা ও বেরুওয়ালা রিসোর্ট-সংলগ্ন এলাকায় আজ দ্বিতীয় দিনের মতো কারফিউ বলবত্ থাকবে।

শ্রীলংকার পুলিশ জানায়, ‘সহিংসতার ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৮০ জন আহত হয়েছে। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে।’

স্থানীয় মুসলিমরা জানায়, গতকাল সন্ধ্যায় বিবিএস (বদু বালা সেনা) নামে পরিচিত চরমপন্থী বৌদ্ধ জনগোষ্ঠী রাজধানী কলম্বোর ৬০ কিলোমিটার দক্ষিণে দুটি মুসলিম-অধ্যুষিত এলাকায় হামলা চালায়।

বিবিএস গত বৃহস্পতিবার বৌদ্ধভিক্ষু ও মুসলিম তরুণদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করে। মুসলিমদের পক্ষ থেকে ওই সমাবেশে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এর জের ধরে দাঙ্গা শুরু হয়।