শ্রীলঙ্কায় কারফিউর মধ্যেও দাঙ্গা, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলিম-অধ্যুষিত পর্যটন শহর আলুটগামাতে গতকাল রাতে পুড়িয়ে দেওয়া হয় বহু বাড়িঘর ও দোকান। ছবি: রযটার্স
মুসলিম-অধ্যুষিত পর্যটন শহর আলুটগামাতে গতকাল রাতে পুড়িয়ে দেওয়া হয় বহু বাড়িঘর ও দোকান। ছবি: রযটার্স

শ্রীলঙ্কার মুসলিম-অধ্যুষিত উপকূলীয় পর্যটন শহর আলুটগামাতে কারফিউর মধ্যেই গতকাল সোমবার রাতে দ্বিতীয় দিনের মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী বৌদ্ধরা সেখানে বহু দোকান ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে মুসলিম মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই দিনে সাম্প্রদায়িক দাঙ্গায় চারজন নিহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল রাতে ১২টির বেশি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক এ দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে কয়েক শ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
আলুটগামা শহরের বাসিন্দারা জানান, গতকাল রাতে এখানে অনেক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে বেরুওয়ালাতে রোববারের পর নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, কারফিউ বহাল থাকবে। তবে নাগরিকদের সুবিধার্থে দুপুর পর্যন্ত চার ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই দিনের সহিংসতার এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮০ জন। এ ছাড়া সামান্য আহত হয়েছেন আরও অনেকে। বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনের প্রধান নাভি পিল্লাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা করছেন, এই দাঙ্গা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়তে পারে। আর এ পরিস্থিতি ঠেকাতে তিনি গত রোববারের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে এর আগেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহিংসতার দ্রুত অবসান ঘটাতে কলম্বোর প্রতি আহ্বান জানিয়েছে।
স্থানীয় মুসলিমরা জানান, গত রোববার সন্ধ্যায় বিবিএস (বদু বালা সেনা) নামে কট্টরপন্থী একটি বৌদ্ধ সংগঠন কলম্বোর ৬০ কিলোমিটার দক্ষিণে মুসলিম-অধ্যুষিত দুটি এলাকায় হামলা চালায়। গত বৃহস্পতিবার বৌদ্ধভিক্ষু ও মুসলিম তরুণদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে বিবিএস এক সমাবেশের আয়োজন করে। মুসলিমদের পক্ষ থেকে ওই সমাবেশে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এর জের ধরে দাঙ্গা শুরু হয়।