শ্রীলঙ্কায় 'যুদ্ধাপরাধ' তদন্তে আন্তর্জাতিক ভূমিকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে গতকাল বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস হয়েছে। এতে দেশটিতে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক বিচারক ও আইনজীবীদের রাখার আহ্বান জানানো হয়েছে। খবর এএফপির।
শ্রীলঙ্কায় ২০০৯ সালে শেষ হওয়া তামিল বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের শেষের দিকে ব্যাপকভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তামিলদের বক্তব্য, সরকার ও সেনাবাহিনীর সম্ভাব্য অপরাধ কলম্বো স্বাধীনভাবে তদন্ত করতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান জায়েদ রা’দ আল হুসেইন গত মাসে শ্রীলঙ্কান ও আন্তর্জাতিক বিচারব্যবস্থার সংমিশ্রণে ‘হাইব্রিড আদালত’ গঠনের আহ্বান জানান।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গত সপ্তাহেও ট্রাইব্যুনালে আন্তর্জাতিক সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে দেন। তবে গতকাল পাস হওয়া প্রস্তাবের সহ-পৃষ্ঠপোষক ছিল শ্রীলঙ্কা। তাই ওই অবস্থানে পরিবর্তন এসেছে বলে ইঙ্গিত মিলছে।