শ্রীলঙ্কার উত্তরাঞ্চল শুধু তামিলদের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রতিরক্ষাসচিব গোটাভায়া রাজাপক্ষে বলেছেন, শ্রীলঙ্কার উত্তরাঞ্চল শুধু তামিলদের নয়। ওই এলাকাকে তামিল-অধ্যুষিত এলাকা হিসেবে দেখা যথার্থ নয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।গোটাভায়া রাজাপক্ষে হচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই। দেশটির সেনাবাহিনী ২০০৯ সালের মে মাসে বিচ্ছিন্নতাবাদী লিবারেশন টাইগারস অব তামিল ইলমকে (এলটিটিই) পরাজিত করার মাধ্যমে ২৬ বছরের যে গৃহযুদ্ধের অবসান ঘটায়, অনেকেই এর কৃতিত্ব দিয়ে থাকেন তাঁকে। রাজাপক্ষে রাজধানী কলম্বোতে তাঁর কড়া নিরাপত্তাবেষ্টিত কার্যালয়ে বিবিসিকে ওই সাক্ষাৎকার দিয়েছেন।সম্প্রতি শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে স্থানীয় সরকার-ব্যবস্থায় সংস্কার করা হয়। এর আওতায় কিছু জ্যেষ্ঠ তামিল কর্মকর্তা বাদ পড়েছেন। তাঁদের স্থানে নিয়োগ পেয়েছেন সিংহলিরা। ওই সংস্কারের বিষয়ে রাজাপক্ষেকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘যুদ্ধের আগে সবাই ছিল সিংহলি। যেভাবে দক্ষিণের জেলাগুলোতে “অসংখ্য” তামিল কর্মকর্তা কাজ করেন, সেভাবে উত্তরেও সিংহলি ও মুসলিমদের কাজের সুযোগ থাকা উচিত। কারণ, এটাও শ্রীলঙ্কার অংশ।’ তামিল যোদ্ধাদের বিরুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে হতাহতের বিষয়েও কথা বলেন রাজাপক্ষে। ওই হতাহতের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকার পরিষদ গত মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। দেশটির সরকারি পরিসংখ্যানের যে সামান্য অংশ সম্প্রতি প্রকাশ করা হয়েছে তাতে ইঙ্গিত দেওয়া হয়, যুদ্ধের শেষের মাসগুলোতে সাত হাজার ৪০০ লোক নিহত হয়। যদিও মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ওই সময় হাজার হাজার লোক নিহত হয়। তবে রাজাপক্ষের মতে, নিহত লোকজনের মধ্যে সামান্যসংখ্যকই বেসামরিক আর অধিকাংশই ছিল তামিল বিদ্রোহী।মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসাবে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় ৩২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তবে রাজাপক্ষে এগুলোকে সরকারের বিরুদ্ধে ‘অযৌক্তিক অভিযোগ’ বলে খারিজ করে দেন। তিনি প্রশ্ন করেন, কর্তৃপক্ষ কেন এসব লোককে হয়রানি করবে? রাজাপক্ষের দাবি, সম্প্রতি নিখোঁজ হওয়া ব্যক্তিদের বেশির ভাগই অপরাধী, যারা বিদেশে পালিয়ে গেছে। বিবিসি।