শ্রীলঙ্কার কারাগারে ধর্ষণের শিকার হয়েছে তামিলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় কারাগারে বন্দী অবস্থায় তামিলরা দেশটির নিরাপত্তাকর্মীদের হাতে ধর্ষণের শিকার হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নতুন এক প্রতিবেদনে বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বিবিসি এ কথা জানায়। এইচআরডব্লিউর ওই প্রতিবেদনে বিদ্রোহী তামিল টাইগারদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে আটক হওয়া পুরুষ, নারী ও শিশুদের ওপর যৌন হয়রানির বিষয়ে আলোকপাত করা হয়েছে।ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মানবাধিকার সংস্থাটি এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করতে শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অবশ্য দেশটির কর্তৃপক্ষ মানবাধিকার সংগঠনগুলোর এ ধরনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।পৃথক রাষ্ট্রের দাবিতে লিবারেশন টাইগারস অব তামিল ইলম বা এলটিটিই যোদ্ধারা দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিল। তবে দেশটির সেনাবাহিনী ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের পরাজিত করে। এর মধ্য দিয়ে ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। লড়াইয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। এইচআরডব্লিউর নতুন প্রতিবেদনটি গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি অধিবেশনে উপস্থাপন করা হয়। একই অধিবেশনে শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি এবং সেই গৃহযুদ্ধের শেষের দিকে সেনাবাহিনীর আচরণের বিষয়েও একটি প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।এইচআরডব্লিউর প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়ার পর শ্রীলঙ্কার সেনাবাহিনীর যৌন অপরাধের মাত্রা ‘স্পষ্টতই বৃদ্ধি পায়’। এর বেশির ভাগই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে বলা হয়, ‘সংঘর্ষ চলাকালে এবং ২০০৯ সালের মে মাসে সংঘাতের অবসানের পর গোয়েন্দা তথ্য পেতে সামরিক বাহিনী ও পুলিশ যেসব বেআইনি পন্থা অবলম্বন করে তার মধ্যে অন্যতম ছিল ধর্ষণ।’প্রতিবেদনটিতে মোট ৭৫টি যৌন নির্যাতনের অভিযোগের ওপরে আলোকপাত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৩১ জন পুরুষ, ৪১ জন নারী ও ১৮ বছরের কম বয়সী তিন ছেলেশিশু। তামিল বিদ্রোহীদের সঙ্গে জড়িত সন্দেহে তারা আটক হয়েছিল। পরে মুক্তি পাওয়ার পর তারা অন্য দেশে চলে যায়। এইচআরডব্লিউ ১২ মাস ধরে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় তাদের সাক্ষাৎকার নেয়। বিবিসি।