শ্রীলঙ্কার তামিল-অধ্যুষিত অঞ্চলে ঐতিহাসিক ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী জাফনার একটি কেন্দ্রে গতকাল ভোট দিয়ে চলে যাচ্ছেন একজন তামিল নারী। পেছনে ভোটারদের দীর্ঘ লাইন ষ ছবি: এএফপি
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী জাফনার একটি কেন্দ্রে গতকাল ভোট দিয়ে চলে যাচ্ছেন একজন তামিল নারী। পেছনে ভোটারদের দীর্ঘ লাইন ষ ছবি: এএফপি

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে ঐতিহাসিক নির্বাচনে গতকাল শনিবার ভোট দিয়েছেন স্থানীয় অধিবাসীরা। এই প্রথমবারের মতো আধা স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচনে ভোট দেন তাঁরা। ওই অঞ্চলে স্বাধীনতাকামী তামিল টাইগার বিদ্রোহীদের পতনের চার বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
তামিল সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলীয় প্রদেশে কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো কোনো স্থানীয় পরিষদ নির্বাচন হলো। দেশটির এ একটি অঞ্চলেই কোনো পরিষদ ছিল না। উত্তরাঞ্চলীয় প্রদেশের জন্য এ নির্বাচনকে বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। জাতিগত উত্তেজনা প্রশমনেও তা ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্থানীয় তামিল নাগরিকদের অভিযোগ, দেশে তামিলদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবা হয়। বিভিন্ন ক্ষেত্রে তাঁরা বৈষম্যের শিকার হন।
নির্বাচনের প্রস্তুতির সময় সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। প্রদেশের রাজধানী জাফনার একটি ভোটকেন্দ্রে যাওয়া একজন নারী ভোটার বলেন, ‘আমরা তামিলদের জন্য আবাসন চাই। এ কারণে ভোট দিতে এসেছি। অনেক বছর অপেক্ষা করেছি...এখন আমরা শান্তি চাই।’ এই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সারি দেখা যায়।
গণমাধ্যমকর্মীরা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের ঘটনা দেখেছেন। উত্তরাঞ্চলীয় প্রদেশের প্রধান সংবাদপত্র উথায়ান-এর সম্পাদক প্রেমনাথ দিভানায়াগাম জানান, তাঁর পত্রিকার ভুয়া সংস্করণ প্রকাশ করা হয়েছে। সেই সংস্করণে নির্বাচনের প্রধান বিরোধী জোট তামিল ন্যাশনাল অ্যালায়েন্স ভোট বর্জন করতে যাচ্ছে বলে খবর ছাপা হয়েছে। একই সঙ্গে মিথ্যা খবর ছাপানো হয়েছে যে তামিল ওই জোটের অন্যতম নেতা আনন্দি শশীধরন সরকারের পক্ষে যোগ দিচ্ছেন। সম্পাদক প্রেমনাথ অভিযোগ করেন, এটা সেনাবাহিনীর কারসাজি। সরকারপক্ষকে জয়ী করার জন্য সেনাবাহিনী এই কাজ করেছে। আনন্দি শশীধরন গত শুক্রবার তাঁর বাড়ির সামনে হামলার শিকার হন। এ সময় তিনি অক্ষত অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে পারলেও তাঁর কয়েকজন সমর্থক আহত হন। আনন্দি অভিযোগ করেন, ‘হামলাকারীরা আমাকে উদ্দেশ্য করে বলে, তারা আমাকে হত্যার জন্য খুঁজে বেড়াচ্ছে।’ আনন্দির স্বামী তামিল টাইগার বিদ্রোহীদের জ্যেষ্ঠ নেতা ছিলেন। ২০০৯ সালে তামিলদের পতনের পর তাঁকে আর দেখা যায়নি। এদিকে তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের আরেক নেতা ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কে. বিগনেশ্বরণ অভিযোগ করেছেন, সেনাবাহিনী ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। তারা চায় না তামিল জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাক।
নির্বাচনে তামিল জোট জয়ী হলে বিগনেশ্বরণ মুখ্যমন্ত্রী হতে পারেন। বিবিসি ও এএফপি।