শ্রীলঙ্কার নির্বাচনে তামিলরাই জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার তামিল সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলীয় প্রদেশের নির্বাচনে তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) জয়ী হয়েছে। কয়েক দশক পর গত শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চার বছর আগে বিদ্রোহী তামিল টাইগারদের পতনের পর ওই অঞ্চলে এটাই প্রথম কোনো নির্বাচন।
নির্বাচন কর্মকর্তারা গতকাল রোববার ফল ঘোষণা করেন। এতে দেখা যায়, ৩৮ আসনের প্রাদেশিক পরিষদে টিএনএ ৩০ আসনে জিতেছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ক্ষমতাসীন জোট সাতটি আসনে জয়ী হয়েছে। বাকি আসনটি পেয়েছে মুসলিম-প্রধান একটি দল।
বিশ্লেষকেরা বলছেন, টিএনএর জয় এটাই প্রমাণ করে যে ২০০৯ সালের সরকার তামিল টাইগারদের পরাজিত করলেও তামিল জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষাকে দমন করতে পারেনি।
টিএনএর ভোট পাওয়ার শতকরা হার বিবেচনা করলে দেখা যায়, তামিল টাইগার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে বিবেচিত এলাকাগুলোতে তারা সবচেয়ে ভালো করেছে। টিএনএ রাজধানী জাফনায় ৮৪ শতাংশ ও কিলিনোচ্চিতে ৮১ শতাংশ ভোট পেয়েছে। তামিল বিদ্রোহীরা কিলিনোচ্চিকে ‘রাজধানী’ হিসেবে ব্যবহার করত। আর বিদ্রোহীদের পতনের সময় যে এলাকায় হাজার হাজার সাধারণ মানুষকে সরকারি বাহিনী হত্যা করে বলে অভিযোগ রয়েছে, সেই মুল্লাইতিভু গ্রামে টিএনএ পেয়েছে ৭৮ শতাংশ ভোট। রয়টার্স।