শ্রীলঙ্কার নির্বাচনের ফল জাতিগত বিভেদকে আরও স্পষ্ট করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। দীর্ঘ গৃহযুদ্ধের পর প্রথম অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি ৫৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। ভোটের পরপরই তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তাঁর প্রথম কাজ হবে দেশে স্থিতিশীলতা আনা। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এ কাজ এত সহজ হবে না। কারণ নির্বাচনের ফলাফলে জাতিগোষ্ঠীগত উত্তেজনার যে লক্ষণ ফুটে উঠেছে তা পুনরায় ছড়িয়েপড়তে পারে। ভোটে জাতিগত বিভেদ আরও পরিষ্কার হয়েছে। সংখ্যালঘু তামিলরা রাজাপক্ষেকে সমর্থন করেনি। তারা সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকাকে সমর্থন দিয়েছে। কিন্তু সংখ্যাগুরু সিংহলিদের ভোট রাজাপক্ষের বাক্সে বেশি পড়ায় তামিলদের ভোট নির্বাচনে জয়পরাজয়ের নির্ণায়ক হতে পারেনি।নির্বাচনের আগে গত মে মাসে গৃহযুদ্ধের চূড়ান্ত পর্বে সরকার ও সেনাবাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে। এ নিয়ে রাজাপক্ষের সরকারের কঠোর সমালোচনা করে জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব। জাতিসংঘের ভাষ্যমতে, চূড়ান্ত লড়াইয়ের সময় কমপক্ষে সাত হাজার সাধারণ মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এসব ঘটনাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে শিগগিরই এর নিরপেক্ষ তদন্ত দাবি করে। তবে রাজাপক্ষে ওই সমালোচনা গায়ে মাখেননি। তিনি এ নিয়ে পশ্চিমা বিশ্বের প্রতি কড়া মন্তব্যও করেন। এ অবস্থায় নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।এখন নির্বাচনে জয়লাভের পর অবশ্য রাজাপক্ষে তাঁর কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি বুধবার কলম্বোতে সাংবাদিকদের বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে আছি। অনেক “বিদেশি বন্ধুর” সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চূড়ান্ত যুদ্ধের সময়ে এটা হয়েছে। তবে ওই ভুল বোঝাবুঝির দিন শেষ। আমি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এবং এখন বিভিন্ন বিষয় নিয়ে (আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে) একযোগে কাজ করতে চাই।’তবে রাজাপক্ষের কথায় হঠাত্ করে দেশে স্থিতিশীলতা আর শান্তি ফিরে আসবে বলে মনে করেন না বিশ্লেষকেরা। বিশেষ করে তামিলরা নির্বাচনে ভোটের মাধ্যমে যে ইঙ্গিত দিয়েছে তা রাজাপক্ষেকে আমলে নিতে হবে। যুদ্ধবিধ্বস্ত উত্তর ও পূর্বাঞ্চলের তামিলরা রাজাপক্ষেকে ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে শরত্ ফনসেকাকে।এ ব্যাপারে বিশ্লেষকদের ভাষ্য, নির্বাচনের ফলাফল থেকে প্রেসিডেন্ট রাজাপক্ষেকে তামিল রাজনীতিক ও জনগণের দাবিদাওয়া পূরণে আন্তরিক হতে হবে। দীর্ঘদিন ধরে তামিল জনগোষ্ঠীকে বঞ্চিত করায় তাদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা প্রশমন করতে হবে। দেশে মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করতে হবে। তা না হলে দেশে ফের জাতিগত ক্ষোভের বিস্ফোরণ ঘটবে।সাপ্তাহিক রাবায়া পত্রিকার রাজনৈতিক বিশ্লেষক ভিক্টর ইভান বলেন, জনগণ আবারও রাজাপক্ষেকে সুশাসন ও মানবাধিকার রক্ষা এবং সংস্কার কার্যক্রম নিয়ে কাজ করার নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে। গৃহযুদ্ধোত্তর পরিস্থিতিতে ক্ষমতা ভাগাভাগির নতুন রাজনৈতিক কলাকৌশল নিয়ে কাজ করার সময় ও সুযোগ এসেছে। কারণ সংখ্যালঘু তামিলরা ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, তাদের রাজনৈতিক ক্ষেত্রে মৌলিক সমস্যা রয়েছে। এসব সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা না করলে দেশে ফের সংকট সৃষ্টি হবে।মঙ্গলবার ভোটের দিন তামিল এলাকার বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন বার্তাসংস্থার সাংবাদিকেরা। তামিল ভোটাররা শরত্ ফনসেকাকে ব্যাপকভাবে সমর্থনের কথা বলেছেন। ওই সমর্থনের কারণ হলো নির্বাচনে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন।হারায়া পত্রিকার রাজনৈতিক বিশ্লেষক গনশিরি কোট্টিগোদা বলেন, তামিল এলাকার দুই-তৃতীয়াং ভোটই পড়েছে ফনসেকার বাক্সে। এ থেকেই বোঝা যায়, দেশে জাতিগত বিভেদ কতটা পরিষ্কার। তামিলদের সমস্যার সমাধান না হলে ওই বিভেদ শেষতক দেশকে আবারও সহিংসতার দিকে নিয়ে যেতে পারে। এএফপি।