শ্রীলঙ্কার প্রধান বিচারপতি অপসারিত হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকেকে গত শুক্রবার রাতে পার্লামেন্টে অভিশংসন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের মুখপাত্র জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে প্রেসিডেন্ট অভিশংসনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করবেন। আগামী সপ্তাহেই শিরানিকে অপসারণ করে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। আর শেষ পর্যন্ত এটি হলে দেশটিতে সাংবিধানিক সংকট দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শিরানিকে অপসারণের প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সম্প্রতি সরকারের পক্ষ থেকে শিরানির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়। ওই অভিযোগেই তাঁকে অভিশংসিত হতে হলো। যদিও শুরু থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট শিরানির বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়াকে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করেন।পার্লামেন্টে শিরানিকে অপসারণের পক্ষে ১৫৫ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৪৯ ভোট। গত নভেম্বরে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অভিশংসন উপেক্ষা করে আগামী সপ্তাহে অফিস করার প্রস্তুতি নিচ্ছেন শিরানি।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আস্থাভাজন বলেই পরিচিত ছিলেন শিরানি। কিন্তু গত সেপ্টেম্বরে দেশটির অর্থনৈতিক উন্নয়নমন্ত্রীর ক্ষমতা বাড়ানোসংক্রান্ত আইনের একটি অনুচ্ছেদ নিয়ে তাঁদের মতবিরোধ হয়। প্রেসিডেন্ট চাইলেও শিরানি ক্ষমতা বাড়ানোর ওই অনুচ্ছেদ বাতিল করেন। অর্থনৈতিক উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্টের ভাই বাসিল রাজাপক্ষে।শিরানির বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, বিরোধী দল ও ধর্মীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এর প্রতিবাদ জানান। সুশীল সমাজের অনেকে প্রেসিডেন্ট রাজাপক্ষের সমালোচনা করে বলেন, প্রধান বিচারপতি যত দিন তাঁর অনুগত ছিলেন, সব ঠিক ছিল। মানবাধিকারবিষয়ক আইনজীবী লাখসান দিয়াস বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য ‘হুমকি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘পার্লামেন্টে ক্ষমতাসীন দলের দুই-তৃতীয়াংশ সমর্থন রয়েছে। পার্লামেন্ট সদস্যদের বেশির ভাগই প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত। একমাত্র নিরপেক্ষ ও স্বাধীন ছিল বিচার বিভাগ। সেখানেও এ পরিস্থিতির সৃষ্টি করা হলো।’প্রেসিডেন্ট রাজাপক্ষের সমালোচকেরা বলছেন, প্রধান বিচারপতিকে সরিয়ে দিলে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের ক্ষমতা আরও সুসংহত হবে। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না বলে উল্লেখ ছিল। রাজাপক্ষে ২০১০ সালে সংবিধান সংশোধন করে তা তুলে দেন। এখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদের কোনো সীমা নেই। লন্ডনভিত্তিক দ্বন্দ্ব-সংঘাতবিরোধী অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের শ্রীলঙ্কার পরিচালক অ্যালান কেনান বলেন, ‘প্রধান বিচারপতি শিরানিকে অভিশংসনের পুরো প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজাপক্ষের প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁকে অভিশংসিত করা হয়েছে।’ বিবিসি ও নিউইয়র্ক টাইমস।