শ্রীলঙ্কার প্রধান বিচারপতি মনোনীত মোহন পেইরিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে দেশটির নতুন প্রধান বিচারপতি হিসেবে মোহন পেইরিসকে মনোনয়ন দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্টের একজন মুখপাত্র এ কথা জানান।মোহন পেইরিস সরকারের জ্যেষ্ঠ আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অপসারিত প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের স্থলাভিষিক্তি হবেন। দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে গত শুক্রবার শিরানিকে পার্লামেন্টে অভিশংসিত করা হয়। গত রোববার প্রেসিডেন্ট রাজাপক্ষে তাঁকে বরখাস্ত করেন। প্রেসিডেন্টের মুখপাত্র মোহন সমরনায়েকে বলেন, ‘আমি এটা নিশ্চিত করছি যে মোহন পেইরিস নতুন প্রধান বিচারপতি হতে যাচ্ছেন। পার্লামেন্টের সম্মতির পরপরই তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।’মোহন পেইরিস সরকারের জ্যেষ্ঠ আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরুর আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন। শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের যেকোনো অভিযোগের বিরুদ্ধে সরকারের পক্ষে লড়াই করছেন তিনি। শ্রীলঙ্কার বিচারকেরা দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি শিরানির পার্লামেন্টে অভিশংসনকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। অভিশংসনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করেছে। শুরু থেকেই দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছেন শিরানি। এএফপি।