শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি উন্নতির আহ্বান ক্যামেরনের
২০১৩ সালে কলম্বোয় কমনওয়েলথ সম্মেলনের আগেই শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি উন্নতি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, অন্যথায় এই সম্মেলনে অনেক দেশের অংশ না নেওয়ার সম্ভাবনা রয়েছে।ক্যামেরন গতকাল রোববার আরও বলেন, তিনি এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের প্রতি এ ব্যাপারটিই নিশ্চিত করতে বলেছিলেন যে গৃহযুদ্ধের পর কলম্বোর ‘লুকানোর কিছুই নেই’।এদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০০৯ সালে তামিল বিদ্রোহের শেষদিকে শ্রীলঙ্কার সেনাবাহিনী বেসামরিক লোকজনকে হত্যা করেছে, এমন অভিযোগ সংক্রান্ত জাতিসংঘের একটি প্রতিবেদন উত্থাপন থেকে তিনি কানাডাকে নিবৃত্ত করেছিলেন।কমনওয়েলথ সম্মেলন কানাডা বর্জন করতে পারে—এমন আশঙ্কার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘কানাডা কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমাদের সবার দৃষ্টিভঙ্গি অভিন্ন। আর তা হলো, মানবাধিকার পরিস্থিতি উন্নতির ব্যাপারে আমরা শ্রীলঙ্কাকে আরও পদক্ষেপ নিতে দেখতে চাই। তামিল বিদ্রোহীদের পতনের পর আমরা তাদের সঙ্গে শ্রীলঙ্কা সরকারকে একটা সহাবস্থানে দেখতে চাই। প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে আমি নিজেই এ ব্যাপারে আলোচনা করেছি।’ক্যামেরন আরও বলেন, শ্রীলঙ্কার এ ব্যাপারে সচেতন থাকা উচিত যে তারা ২০১৩ সালের কমনওয়েলথ সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে বেশির ভাগ দেশের উপস্থিতি নিশ্চিত করতে চাইলে তারা মানবাধিকার পরিস্থিতির উন্নতি করবে কি না, তা তাদের (শ্রীলঙ্কা) ওপরই নির্ভর করছে। তবে যুক্তরাজ্যেরও সম্মেলন বর্জন করার সম্ভাবনা আছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এএফপি।