শ্রীলঙ্কার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে নভি পিল্লাইয়ের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম গতকাল রোববার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার নভি পিল্লাইয়ের কড়া সমালোচনা করেছে। নভি পিল্লাই শ্রীলংকায় এক সপ্তাহের সফর শেষে শনিবার দেশটির সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ তোলেন।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনার আশঙ্কা প্রকাশ করেছেন, ক্রমেই বেশি করে কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা।
সরকারি মালিকানাধীন পত্রিকা সানডে অবজারভার প্রথম পৃষ্ঠায় এক ভাষ্যে লিখেছে, তিনি পক্ষপাতদুষ্ট মন নিয়ে এসেছিলেন এবং পক্ষপাতদুষ্ট মন নিয়ে শ্রীলঙ্কা ছাড়ছেন।’ ভাষ্যটির শিরোনাম ছিল: একটুও বদলাননি তিনি।
পত্রিকাটি আরও লিখেছে, ‘পিল্লাই সম্ভবত ভেবেছিলেন এ সফর তাঁর আগে থেকে ঠিক করে রাখা সিদ্ধান্তকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার একটা সুযোগ হবে। আর কিছু নয়।’
পিল্লাই বলেছেন, গৃহযুদ্ধ অবসানের পর দেশটিতে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়েছে এবং আইনের শাসন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে।
২০০৯ সালে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সফরের পর শ্রীলঙ্কা যাওয়া সবচেয়ে জ্যেষ্ঠ জাতিসংঘ কর্মকর্তা পিল্লাই। বিবিসি।