শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান ফনসেকার তিন বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকাকে গতকাল শুক্রবার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আত্মসমর্পণরত তামিল টাইগার বিদ্রোহীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্টের ভাই—এই অভিযোগ করার দায়ে সাবেক এই চার তারকা জেনারেলকে কারাদণ্ড দেওয়া হয়।এরই মধ্যে দুর্নীতির দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়ে ৩০ মাসের কারাদণ্ড ভোগ করছেন শরৎ ফনসেকা। ২০১০ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।একটি সাপ্তাহিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ‘গুজব ছড়ানো ও গণবিশৃঙ্খলা সৃষ্টির কারণ হওয়ার’ মাধ্যমে জরুরি আইন ভঙ্গের দায়ে ফনসেকাকে দোষী সাব্যস্ত করেন কলম্বো হাইকোর্টের একটি বেঞ্চ।ওই সাক্ষাৎকারে ফনসেকা বলেছিলেন, ২০০৯ সালের মে মাসে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে সাদা পতাকাবাহী তামিল বিদ্রোহীদের হত্যা করতে মাঠপর্যায়ের কমান্ডারদের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্টের ভাই ও প্রতিরক্ষামন্ত্রী গোটাভায়া রাজাপক্ষে।আদালতে সাক্ষ্য দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী গোটাভায়া রাজাপক্ষে ফনসেকার ওই অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে ফনসেকা আদালতে বলেন, পত্রিকাটি তাঁর বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করেছে।রায়ে ‘কঠোর কারাদণ্ডের’ কথা উল্লেখ করা হয়েছে। তার অর্থ হচ্ছে ফনসেকাকে কায়িক শ্রম করতে হতে পারে।রায়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় ফনসেকা বলেন, তিনি এই রায় মেনে নেবেন না। রায় উপলক্ষে কলম্বো হাইকোর্টের আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শত শত সশস্ত্র পুলিশ সদস্যকে হাইকোর্ট কমপ্লেক্স পাহারা দিতে দেখা যায়। এর আগেরবার শুনানির সময় ফনসেকার সমর্থকেরা আদালতের বাইরে বিক্ষোভ করেছিলেন।২০০৯ সালে লিবারেশন টাইগার অব তামিল ইলমের (এলটিটিই) বিরুদ্ধে শ্রীলঙ্কার সেনাবাহিনীর জয়ে সেনাবাহিনীর নেতৃত্ব দেন শরৎ ফনসেকা। ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই অবসরপ্রাপ্ত জেনারেল ফনসেকাকে গ্রেপ্তার করা হয়।সেনাবাহিনী ছেড়ে পালানো ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে ৬০ বছর বয়সী জেনারেল ফনসেকার বিরুদ্ধে। এএফপি, বিবিসি।