শ্রীলঙ্কার সেই গণকবর ২৫ বছর আগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার একটি গণকবর থেকে কয়েক মাস আগে দেড় শতাধিক মানুষের খুলি ও হাড় পাওয়া গেছে। একজন ম্যাজিস্ট্রেট ঘোষণা দিয়েছেন, প্রায় ২৫ বছর আগে এসব মানুষকে কবর দেওয়া হয়েছিল।গত বুধবার শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় মালাতে নগরের একটি আদালতে চাথুরিকা ডি সিলভা নামের ওই ম্যাজিস্ট্রেট বলেন, একটি সরকারি হাসপাতাল চত্বরে পাওয়া ওই গণকবরের খুলি ও হাড় প্রত্নতত্ত্ববিদসহ বিচারিক চিকিৎসা কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন যে সেগুলো ১৯৮৭ থেকে ১৯৯০ সালের সময়কার। সে সময়ে বিদ্রোহের সঙ্গে জড়িত সন্দেহে হাজার হাজার নারী-পুরুষকে গ্রেপ্তার করেছিল নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, মার্ক্সবাদী বিদ্রোহী সন্দেহে তাদের অনেককেই হত্যা করা হয়। ম্যাজিস্ট্রেট সিলভা সেসব মানুষের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু না বললেও ওই গণকবরকে অপরাধের একটি দৃশ্যপট হিসেবে বর্ণনা করেছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দেশটির সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ডিসেম্বরে ওই হাসপাতালের একটি ভবনের স্থাপনার কাজ করতে গিয়ে গণকবরটির সন্ধান পাওয়া যায়। শ্রীলঙ্কার মার্ক্সবাদী গোষ্ঠী পিপলস লিবারেশন ফ্রন্ট ১৯৭১ সালে এবং ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দুই দফায় বিদ্রোহ করে। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা বাহিনী ওই ফ্রন্টের যে কমরেডদের হত্যা করেছিল, এসব খুলি ও হাড় তাঁদের হতে পারে। এপি।