শ্রীলঙ্কার প্রধান বিচারপতির অভিশংসনের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার একদিনের কর্মবিরতি পালন করেছেন দেশটির আইনজীবীরা। তাঁরা অভিশংসনের সিদ্ধান্তকে স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন।পেশাগত অসদাচরণের অভিযোগ এনে প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের বিরুদ্ধে ক্ষমতাসীন দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) অভিশংসনের যে সুপারিশ করেছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে পার্লামেন্টে ইউপিএফএর আইনপ্রণেতাদের অভিশংসনসংক্রান্ত প্রতিবেদনটি পুনর্বিবেচনা করতে একটি স্বাধীন প্যানেল গঠনের কথা জানান। তবে এই বিষয়টি আপসে মীমাংসা করতে ইঙ্গিত দেন তিনি। দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতির বিষয়ে তিনি বলেন, বন্দরনায়েকের অভিশংসনের ব্যাপারে তিনি অনিচ্ছুক। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।প্রেসিডেন্টের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্টের বিবৃতিই...প্রমাণ করে অভিশংসনের প্রক্রিয়াটি অবৈধ।’ এএফপি।