শ্রীলঙ্কায় কাল প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মঙ্গলবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনসোমনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা শেষ করেছেন। গত শনিবার ছিল প্রচারণার শেষ দিন। নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এবং সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এ ছাড়া আরও ২০ জন প্রার্থী লড়বেন গৃহযুদ্ধ-পরবর্তী প্রথম এই নির্বাচনে। এ উপলক্ষে দেশব্যাপী নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এদিকে গতকাল ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির নেত্রী ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বিরোধী প্রার্থী ফনসেকার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা প্রেসিডেন্ট রাজাপক্ষের জন্য একটি বড় আঘাত। প্রধান বিরোধী প্রতিদ্বন্দ্বী শরত্ ফনসেকা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল নির্বাচনে সহিংসতার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির পরিকল্পনা করেছে। তবে সরকার এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।প্রচারণার শেষ দিনে প্রেসিডেন্ট রাজাপক্ষে এবং ফনসেকা রাজধানী কলম্বোয় সমাবেশ করেছেন। উভয় প্রার্থী ভোটারদের ভোট দেওয়ার জন্য উত্সাহিত করেছেন। সফলতার ব্যাপারে দুজনই আশাবাদ ব্যক্ত করেছেন। ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের হয়ে লড়বেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। ইউনাইটেড ন্যাশনাল পার্টি ও জনতা ভিমুক্তি পেরামুনাসহ প্রধান বিরোধী দলগুলোর হয়ে লড়বেন ফনসেকা। এদিকে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার উদয়া নানায়াক্কারা বলেছেন, কলম্বোয় একটি মঠে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র আটক করেছে পুলিশ। ৫৬টি হাতগ্রেনেড, দুটি টি-৫৬ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঠের ভিক্ষু উভাথান সুমানা থেরাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রধান বিরোধী প্রার্থী ফনসেকার সমর্থক।পুলিশের মহাপরিদর্শক মাহিন্দা বালাসুরিয়া নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের সহিংসতা এবং অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আমাদের কাছে খবর আছে যে কিছু গোষ্ঠী ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। এ ব্যাপারে সাধারণ ভোটারদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। ফনসেকা শনিবার কলম্বোয় বলেছেন, সরকারি দল সহিংসতার প্রস্তুতি নিচ্ছে। সহিংসতার মাধ্যমে ভোটার উপস্থিতি কমানোর পরিকল্পনা করছে তারা। এভাবে ভোট কারচুপির পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর অধিকাংশ সদস্যই তাঁকে ভোট দেবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘সহিংসতার বদলে সহিংস পথ বেছে নিতে পারি না। আইন পরিপন্থী কোনো কিছুই করব না আমরা।’নির্বাচন কমিশনার দায়ানান্দা দিসানায়াকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উভয় পক্ষের সহায়তা কামনা করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র বহনকারী এক কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৫০০ ব্যক্তি এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ১১ হাজার কেন্দ্রে ভোট নেওয়া হবে। নিরাপত্তার জন্য সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।তামিল গেরিলাদের বিরুদ্ধে সফল সামরিক অভিযানের পর গত বছর প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আগাম নির্বাচনের ডাক দেন। এ ঘোষণা দেওয়ার পর ২৩ নভেম্বর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। ১৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ছয় সপ্তাহের নির্বাচনী প্রচারণার সময়ে শতাধিক ছোটবড় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়। এএফপি ও বিবিসি।