শ্রীলঙ্কায় কয়েদি-রক্ষী সংঘর্ষ, নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি কারাগারে গত শুক্রবার কয়েদি ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন। হতাহতদের বেশির ভাগই কয়েদি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির কারা কর্মকর্তারা গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছেন।সংঘর্ষ চলাকালে অনেক বন্দী কারাগার থেকে পালিয়েছেন। আহত কয়েদিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত তিন দশকের মধ্যে শ্রীলঙ্কার কোনো কারাগারে এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনা এটাই প্রথম। ১৯৮৩ সালের জুলাইয়ে একই কারাগারে সংখ্যাগরিষ্ঠ সিংহলিজ কয়েদিদের হামলায় অর্ধ শতাধিক আদিবাসী তামিল কয়েদি নিহত হয়। কর্মকর্তারা জানান, কলম্বোর ওয়েলিকাদা কারাগারে পুলিশের বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) সদস্যরা শুক্রবার মাদকদ্রব্য ও গোপনে আসা মুঠোফোনের সন্ধানে তল্লাশি শুরু করেন। এ সময় উচ্ছৃঙ্খল কয়েদিরা কারারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান। এরপর শুরু হয় দুপক্ষের মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষ। কয়েদি ও এসটিএফের কমান্ডোদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধ চলে। সশস্ত্র কয়েদিরা কারাগারের ছাদে অবস্থান নিয়ে নিচে থাকা সেনা ও পুলিশ সদস্যদের ওপর গুলি চালান। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।একটি কারা সূত্র জানায়, ওই কারাগারে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের কয়েদিরাও রয়েছেন। তবে তাঁরা অক্ষত আছেন। কারামন্ত্রী চন্দ্রশ্রী গাজাদিরা গতকাল পার্লামেন্টে বলেন, ‘সংঘর্ষে নিহত ১৬ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। বাকি ১১ জনের মরদেহ আজ কারাগারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, ‘ঘটনা তদন্তে আমি তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছি।’এর আগে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার রুয়ান ওয়ানিগাসুরিয়া বলেছিলেন, সেনাবাহিনী কারাগার থেকে শনিবার সকালে ছয়জন কয়েদির মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া হাসপাতালে রয়েছে ১৬ জনের মরদেহ। তিনি বলেন, কারারক্ষী ও পুলিশ সদস্যরাও কারাগারের অভ্যন্তরে তল্লাশি চালিয়েছেন। তাঁরা আরও মরদেহ পেতে পারেন। এএফপি।