শ্রীলঙ্কায় জাতিগত দাঙ্গা, নিহত ৪, কারফিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার মুসলিম-অধ্যুষিত উপকূলীয় পর্যটন শহর আলুতগামায় গত দুই দিনে জাতিগত দাঙ্গায় চারজন নিহত হয়েছে৷ এর মধ্যে মুসলিম মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শহরটিতে কারফিউ বলবৎ রয়েছে৷ পুলিশ ও স্থানীয় অধিবাসীরা এ কথা জানান৷ খবর এএফপির।
কারফিউর মধ্যেই সোমবার রাতে দ্বিতীয় দিনের মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী বৌদ্ধরা সেখানে বহু দোকান ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, সোমবার রাতে ১২টির বেশি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক এ দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে কয়েক শ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। গত রোববার রাতে এই দাঙ্গার সূত্রপাত৷