শ্রীলঙ্কায় তামিল সংবাদপত্রের কার্যালয়ে হামলা
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনায় গতকাল শনিবার অজ্ঞাতনামা বন্দুকধারীরা একটি প্রধান তামিল সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে। মাত্র এক সপ্তাহ আগেই এই পত্রিকার অপর একটি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সংবাদপত্র উথায়ান-এর মালিক ঈশ্বরাপাথাম সারাভানাপবন এএফপিকে বলেন, জাফনায় পত্রিকাটির কার্যালয় ও ছাপাখানায় তিনজন সশস্ত্র ব্যক্তি ওই হামলা ও অগ্নিসংযোগ করে। জাফনা রাজধানী কলম্বোর ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উত্তরে অবস্থিত। আগুনে ছাপাখানাটি পুড়ে গেলেও হামলায় কেউ হতাহত হননি উল্লেখ করে ঈশ্বরাপাথাম বলেন, ‘বন্দুকধারীরা ছাপাখানায় হামলা চালালে সেখানে থাকা কর্মীরা পালিয়ে যান। ওই সময় তাঁরা গ্রাহকদের কাছে সংবাদপত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন।’ঈশ্বরাপাথাম অভিযোগ করেন, ‘সরকারি বা আধা সামরিক বাহিনীর সদস্যরাই এই হামলা চালিয়েছেন। কারণ, তাঁরা ছাড়া জাফনায় আর কে আগ্নেয়াস্ত্র বহন করতে পারে? গত সপ্তাহে অন্য এক স্থানে আমাদের আরেকটি কার্যালয়ে হামলা চালানোর পর আমরা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলাম।’ অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সরকারবিরোধী তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএনএ) আইনসভার সদস্য ঈশ্বরাপাথাম সারাভানাপবন বলেন, এ ধরনের হামলায় গত আট বছরে অন্তত পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন। শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল সিসন দেশটির গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাঁচ দিন পর গতকাল এই হামলার ঘটনা ঘটল। এএফপি।