শ্রীলঙ্কায় তামিলদের আলাদা ভূখণ্ড নিয়ে গণভোটের আহ্বান জয়ললিতার
তামিলদের জন্য আলাদা ভূখণ্ড গঠনের বিষয়ে শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কার বাইরে থাকা তামিলদের অংশগ্রহণে গণভোটের আহ্বান জানিয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা। একই সঙ্গে তামিলদের ওপর শ্রীলঙ্কা সরকারের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিধানসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা গতকাল বুধবার বিধানসভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন। পরে বিধায়কেরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন। প্রস্তাবটিতে বলা হয়েছে, পৃথক ভূখণ্ড চায় কি না, তা তামিলরাই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। শ্রীলঙ্কায় বসবাসকারী এবং সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে বিশ্বের নানা প্রান্তে আশ্রয় নেওয়া তামিলরা এই ভোটে অংশ নিতে পারবেন। তামিলদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই গণভোট হতে হবে।শ্রীলঙ্কাকে ‘বন্ধু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করা বন্ধ করতেও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাজ্য বিধানসভা। প্রস্তাবে বলা হয়েছে, গৃহযুদ্ধের শেষ পর্যায়ে শ্রীলঙ্কা সরকারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ তদন্তে একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হতে হবে। আর এই তদন্তে যাঁরা অপরাধী হিসেবে শনাক্ত হবেন, তাঁদের আন্তর্জাতিক আদালতে হাজির করে যথোপযুক্ত শাস্তি দিতে হবে।জয়ললিতা তাঁর প্রস্তাবে আরও বলেন, শ্রীলঙ্কা সরকার তামিলদের বিরুদ্ধে নিপীড়ন বন্ধ না করা পর্যন্ত দেশটির ওপর ভারতের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিনি রাজ্যে চলমান ছাত্র বিক্ষোভ বন্ধেরও আহ্বান জানান। শ্রীলঙ্কায় তামিলদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রতিবাদে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে তামিলনাড়ুর শিক্ষার্থীরা। দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।