শ্রীলঙ্কায় ধর্মীয় উগ্রবাদের ঠাঁই নেই: রাজাপক্ষে
শ্রীলঙ্কায় যেকোনো ধরনের ধর্মীয় উগ্রবাদ বা বর্ণবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। তিনি বলেছেন, তাঁর সরকার দেশটিতে কোনো ধর্মীয় উগ্রবাদ বা বর্ণবাদকে প্রশ্রয় দেবে না। গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এক ধর্মীয় সমাবেশে রাজাপক্ষে এসব কথা বলেন। দেশটিতে মুসলমান মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন রাজাপক্ষে। একই সঙ্গে শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়কে অন্যের অধিকার রক্ষারও পরামর্শ দিয়েছেন তিনি। রাজাপক্ষে বলেন, ‘এটা একটি গণতান্ত্রিক দেশ। এখানে বৌদ্ধ ধর্মের বাইরের লোকদেরও সমান অধিকার ও স্বাধীনতা আছে। আমরা যখন বৌদ্ধদের অধিকারের সুরক্ষা দিই, তখন বৌদ্ধদের দায়িত্ব আরও দায়িত্বশীল হওয়া এবং অন্যের অধিকার রক্ষা করা।’ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় উগ্রবাদ উসকে দেওয়ার যেকোনো ধরনের পদক্ষেপ শ্রীলঙ্কার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচারকারীদেরই লাভবান করবে। তিনি বলেন, যাঁরা মাতৃভূমিকে ভালোবাসেন, তাঁদের উচিত, জাতিগত ও ধর্মীয় সম্প্রীতিকে রক্ষার দায়িত্ব নেওয়া। রাজাপক্ষে বলেন, শ্রীলঙ্কা যাতে বর্ণবাদী ও উগ্রবাদীদের জাতি হিসেবে চিহ্নিত না হয়, তা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব।দুই কোটি জনসংখ্যা অধ্যুষিত শ্রীলঙ্কায় ১০ শতাংশ মুসলমান রয়েছে। দেশটিতে সিংহলি বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। আর তামিলরা হিন্দু। পিটিআই।