শ্রীলঙ্কায় বাড়ির বাগানে গণকবর
বাড়ির চত্বরে অবস্থিত বাগানে একটি গণকবরের সন্ধান পেয়েছে শ্রীলঙ্কার একটি পরিবার। অপ্রত্যাশিতভাবে খুঁজে পাওয়া ওই গণকবর থেকে অন্তত নয়টি মৃতদেহের কঙ্কাল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। দেশটির সাবেক যুদ্ধবিধ্বস্ত এলাকায় গণকবর পাওয়ার সর্বশেষ ঘটনা এটি।
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় মুল্লাইতিভু জেলার পুথুক্কুদিইরুপ্পু এলাকায় নতুন ওই গণকবরের সন্ধান মিলেছে। পরিবারটি গত শুক্রবার তাদের ওই বাগানটি পরিষ্কার করার সময় সেটির অস্তিত্ব খুঁজে পায়। পুলিশের মুখপাত্র অজিথ রোহানা গতকাল শনিবার এসব কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত নয়জনের দেহাবশেষ পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় বিচারিক চিকিৎসা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।’
সংখ্যালঘু উপজাতি গোষ্ঠী তামিলরা পৃথক স্বদেশ ভূমির দাবিতে ১৯৭২ সাল থেকে লড়াই চালিয়ে আসছিল। কয়েক দশক ধরে চলা এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তি ঘটে ২০০৯ সালে। আল-জাজিরা।