শ্রীলঙ্কায় বিস্ফোরণে ৬০ জন নিহত
শ্রীলঙ্কার একটি থানায় গতকাল শুক্রবার তিনটি কনটেইনারে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৯ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশের সদস্য। দুর্ঘটনাবশত এটি ঘটেছে বলে সামরিক বাহিনীর মুখপাত্র উবায়া মেদাওয়ালা জানিয়েছেন। খবর এএফপির।আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বাঞ্চালীয় বাত্তিকালোয়া জেলার কারাদিয়ানারু গ্রামের ওই বিস্ফোরণে থানা ভবনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরক-বোঝাই একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।কলম্বো থেকে সড়কপথে কারাদিয়ানারু গ্রামের দূরত্ব ৩৭৫ কিলোমিটার। একসময় তামিল বিদ্রোহীদের নিয়ন্ত্রিত যুদ্ধবিধ্বস্ত ওই গ্রামে অবকাঠামো নির্মাণ করছে চীনা ওভারসিজ হোল্ডিং লিমিটেড কোম্পানি। চীনের বেশ কয়েকজন ঠিকাদার ও কর্মী সেখানে কাজ করছেন। তামিল বিদ্রোহীদের সঙ্গে শ্রীলঙ্কান বাহিনীর গৃহযুদ্ধ গত বছরের মে মাসে শেষ হয়েছে।সেনা মুখপাত্র উবায়া মেদাওয়ালা বলেন, এটি একটি দুর্ঘটনাবশত বিস্ফোরণ। নিরাপত্তার কারণে বিস্ফোরকগুলো পুলিশ স্টেশনে রাখা হয়েছিল। চীনা ঠিকাদারদের কাছে কিছু বিস্ফোরক হস্তান্তরের সময় এ দুর্ঘটনা ঘটে।মেদাওয়ালা জানান, দেশের পূর্বদিকের প্রকল্প এলাকায় পাহাড়ে বিস্ফোরণ ঘটানোর জন্য বিস্ফোরকগুলো চীনের ওই সড়ক নির্মাতাদের দেওয়া হচ্ছিল।বিস্ফোরণের সময় কারাদিয়ানারু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বাত্তিকালোয়া হাসপাতালে ছিলেন সেবিকা শান্তি উদয়কুমার। তিনি বললেন, ‘আমার মনে হলো যে পুরো পৃথিবী কেঁপে উঠল। আহত অনেককে হাসপাতালে আনা হয়েছে।’দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়াতে প্রতিবেশী দেশ ভারতের উদ্বেগ সত্ত্বেও শ্রীলঙ্কায় বেশ সক্রিয় চীনের অবকাঠামো নির্মাণ কোম্পানিগুলো। চীনা ওভারসিজ হোল্ডিং কোম্পানি শ্রীলঙ্কায় দুটি বন্দর নির্মাণ করছে। এর একটি হবে কলম্বোয়, অন্যটি দক্ষিণাঞ্চলের শহর হামবানতোতায়।চীনা ওভারসিজ হোল্ডিং কোম্পানি অনেক বড় বড় প্রকল্পের কাজ সমাপ্ত করেছে। এর মধ্যে রয়েছে হংকংয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ভবন।