শ্রীলঙ্কার একটি আদালত একটি মুসলিম মালিকানাধীন কাপড়ের দোকানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের মামলা থেকে তিন বৌদ্ধভিক্ষুসহ ১৭ সন্দেহভাজনকে গতকাল মঙ্গলবার অব্যাহতি দিয়েছেন। গত বৃহস্পতিবারের ওই ঘটনার পর দেশটিতে ধর্মীয় উত্তেজনা শুরু হয়।শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরে সংখ্যালঘু মুসলমানরা কট্টরপন্থী বৌদ্ধদের আক্রোশের শিকার হয়ে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার উগ্রবাদী বৌদ্ধদের একটি দল কলম্বোর উপকণ্ঠে একটি এলাকায় অবস্থিত ওই কাপড়ের গুদামে আগুন দেয়। এরপর পুলিশ দেশজুড়ে মুসলমানদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করে।ওই ঘটনায় সন্দেহভাজন ১৭ জনকে গতকাল কলম্বোর একটি আদালত অব্যাহতি দেন। আদালতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলাটি প্রত্যাহার করা হয়েছে, কারণ উভয় পক্ষই (পুলিশ ও ঘটনার শিকার ব্যক্তিরা) এটাকে আর এগিয়ে নিয়ে যেতে চায়নি। তিনি জানান, আদালতের বিচারক ওই বৌদ্ধভিক্ষুদের সতর্ক করে দিয়ে বলেছেন, বুদ্ধের শিক্ষা অনুসরণ না করলে তাঁদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।এ বিষয়ে ফ্যাশন বাগ নামের ওই কাপড়ের দোকানের মালিকপক্ষের বক্তব্য তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর আগে বলেছিল, হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে তাদের কর্মীরা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।স্থানীয় টেলিভিশনের যেসব ভিডিওচিত্র ইউটিউবে পোস্ট করা হয়েছে, তাতে দেখা যায়, একজন বৌদ্ধভিক্ষু কাপড়ের দোকানটির একটি সিসিটিভি ক্যামেরা নামিয়ে আনছেন। তাঁর সামনেই দাঁড়ানো একদল উল্লসিত জনতা। এ ঘটনা দাঁড়িয়ে দেখছেন অন্তত চারজন পুলিশ কনস্টেবল। আরেকজন বৌদ্ধভিক্ষুকে সংবাদমাধ্যমের একজন ক্যামেরাম্যানকে হুমকি দিতে দেখা যায়।শ্রীলঙ্কার জোট সরকারের অংশীদার প্রধান মুসলিম রাজনৈতিক দল এই হামলাকে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে চলতি ঘৃণ্য অভিযানের একটা ‘ধারাবাহিকতা’ হিসেবে বর্ণনা করেছে।দুই কোটি জনসংখ্যা অধ্যুষিত শ্রীলঙ্কায় মুসলমানরা মোট জনসংখ্যার ১০ শতাংশ। সংখ্যালঘু হিসেবে হিন্দু ধর্মাবলম্বী তামিলদের পরেই মুসলমানদের অবস্থান। দেশটির জনসংখ্যার ৭০ শতাংশই সিংহলি এবং বেশির ভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী। এএফপি।