শ্রীলঙ্কায় মানবতাবিরোধী অপরাধ তদন্তের প্রস্তাব গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার মানবতাবিরোধী অপরাধের তদন্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব গৃহীত হয়েছে। ভারতসহ ২৫টি সদস্যদেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে ১৩টি। আটটি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। কিন্তু ভারতের ক্ষমতাসীন ইউপিএর শীর্ষ শরিক দল ডিএমকে ও তামিলনাড়ুর অন্যান্য রাজনৈতিক দলের দাবি অনুযায়ী দেশটি নিন্দা প্রস্তাব আনতে ব্যর্থ হয়েছে।প্রস্তাবে শ্রীলঙ্কা সরকারকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ‘স্বাধীন ও বিশ্বাসযোগ্য’ তদন্ত করার আহ্বান জানানো হয়। প্রায় চার বছর আগে শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদী এলটিটিই বিদ্রোহীদের দমনে অভিযানের শেষ পর্যায়ে সাধারণ তামিল নাগরিকদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে।ইতিমধ্যে শ্রীলঙ্কা এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, ইউএনএইচআরসিতে গৃহীত প্রস্তাব দেশটিকে ‘কলঙ্কিত’ ও ‘বিভাজিত’ করবে। তা ছাড়া প্রস্তাবটি ‘পক্ষপাতমূলক’ ও ‘রাজনৈতিক’। শ্রীলঙ্কা দাবি করেছে, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানিথাম পিল্লাইয়ের বিতর্কিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রস্তাবটি করা হয়েছে। শ্রীলঙ্কায় দশকব্যাপী গৃহযুদ্ধের শেষ পর্যায়ে ২০০৯ সালে সরকারি বাহিনী তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালায়। এ সময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ ওঠে। তবে শ্রীলঙ্কা বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ওই সময় ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়। টিএনএন।