শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর মধ্য দিয়ে দেশটিতে গৃহযুদ্ধের সমাপ্তির সময় মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে, তা তদন্ত করার পথ প্রশস্ত হলো।
তবে শ্রীলঙ্কা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা এটা প্রত্যাখ্যান করছি। এই প্রস্তাব আমাদের মধ্যে মীমাংসার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে মাত্র। এটা কোনোভাবেই সাহায্য করবে না।’
যেসব দেশ ওই প্রস্তাব তোলার উদ্যোগ নেয় তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই প্রথম কোনো প্রস্তাবে শ্রীলঙ্কা আন্তর্জাতিক তদন্ত চালানোর আহ্বান জানাল। শ্রীলঙ্কার সামরিক বাহিনী ২০০৯ সালের মে মাসে তামিল টাইগার বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করে। এর মধ্য দিয়ে দেশটিতে ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হলো।
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ তোলে। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ হাজারের মতো তামিল বেসামরিক লোক নিহত হয়ে থাকতে পারে। তাদের বেশির ভাগই নিহত হয় যুদ্ধের চূড়ান্ত মাসগুলোতে সরকারি বাহিনীর গোলাবর্ষণে।
শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের পক্ষে জাতিসংঘের ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার কাউন্সিলে প্রস্তাবটি ২৩-১২ ভোটে পাস হয়। ভারতসহ ১২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে, যদিও অনেকে ভাবছিল, শ্রীলঙ্কার প্রতিবেশী ভারতও প্রস্তাবের পক্ষেই ভোট দেবে।
প্রস্তাবটিতে শ্রীলঙ্কায় এখনো সুশীল সমাজকে ভয়ভীতি দেখানো, লোকজনকে গুম ও নির্যাতন করাসহ এখনো যেসব ঘটনা ঘটে চলেছে, সেগুলোর ব্যাপারে ‘মারাত্মক উদ্বেগ’ও জানানো হয়েছে। চলতি মাসের শুরুতেও দেশটির সরকার প্রখ্যাত দুজন মানবাধিকার কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ৪৮ ঘণ্টার জন্য আটকে রাখে।
এর আগেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল শ্রীলঙ্কায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রস্তাব পাস করা হয়েছে। তবে নতুন প্রস্তাবটির স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে, এই প্রথম কোনো প্রস্তাবে আন্তর্জাতিক সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে অভিযোগের বিষয়ে একটি তদন্ত চালানোর জন্য বলা হয়েছে। বিবিসি।