শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় সরকারি সেনাদের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তা তদন্তের উদ্যোগ নেওয়ায় কলম্বোয় মার্কিন দূতাবাসের সামনে গতকাল সোমবার বিক্ষোভ করেছে কয়েক শ মানুষ। ক্ষমতাসীন পার্টির কর্মী-সমর্থকদের নেতৃত্বে আধা সামরিক বাহিনীর সদস্যরাও সাদা পোশাকে বিক্ষোভে অংশ নেন।২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কার সেনাবাহিনী দেশের বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করার পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশ অভিযোগ করে আসছে, যুদ্ধের সময় সেনাবাহিনী চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং মানবতাবিরোধী অপরাধও করেছে। এ অভিযোগ তদন্তের জন্য কলম্বোর প্রতি বারবার করে বলে আসছে তারা। সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার পরিষদে এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেতে যাচ্ছে ওয়াশিংটন। এরই প্রতিবাদে গতকালের বিক্ষোভ হয়।শ্রীলঙ্কার আধা সামরিক বাহিনীর সদস্যরা বেসামরিক পোশাক পরে গতকাল কলম্বোয় তাঁদের সদর দপ্তরের কাছে জড়ো হন। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে রওনা হন। বিক্ষোভকারীদের একটি প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘যুক্তরাষ্ট্র, সন্ত্রাসবাদকে সমর্থন দিও না’।এ ছাড়া বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁর ভাই প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপক্ষের ছবি বহন করে। এএফপি।